ডিসেম্বর পর্যন্ত গ্যাসের মজুত নিশ্চিত করেছেন জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানিয়েছেন, জ্বালানি সংকটের কঠিন সময়েও ডিসেম্বর মাস পর্যন্ত দেশের গ্যাসের চাহিদা মেটানোর মতো পর্যাপ্ত এলএনজি কেনা সম্ভব হয়েছে। তিনি আরও জানান, নতুন বছর অর্থাৎ জানুয়ারির চাহিদা পূরণের লক্ষ্যে জ্বালানি সংগ্রহের পরিকল্পনা প্রক্রিয়াধীন রয়েছে। শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে ‘পঞ্চম বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন-২০২৬’-এ অংশ নিয়ে তিনি এ কথা বলেন। ‘বৈশ্বিক অনিশ্চয়তায় অর্থনীতির রোডম্যাপ: সামষ্টিক অর্থনীতি, বিনিয়োগ ও জ্বালানি নিরাপত্তার কৌশল’ শীর্ষক এই সম্মেলনে তিনি জ্বালানি পরিস্থিতির বর্তমান চিত্র তুলে ধরেন।
মন্ত্রী জানান, সাম্প্রতিক সময়ে ভাসমান এলএনজি টার্মিনাল বা এফএসআরইউ সংক্রান্ত জটিলতায় দেশে গ্যাস সরবরাহ প্রায় অর্ধেকে নেমে এসেছিল। এর ফলে বিদ্যুৎ উৎপাদন মারাত্মক ব্যাহত হয় এবং শিল্পকারখানায় উৎপাদন প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়। এই সংকট মোকাবিলায় দীর্ঘমেয়াদি চুক্তির পাশাপাশি স্পট মার্কেট থেকে উচ্চমূল্যে এলএনজি কিনতে বাধ্য হয়েছে সরকার। সিঙ্গাপুরের বাজার থেকে কেনা এলএনজির দাম আগে প্রতি এমএমবিটিইউ ১২ ডলার থাকলেও, সর্বশেষ ক্রয়মূল্য ৩১ ডলারে পৌঁছেছে বলে তিনি উল্লেখ করেন।
গ্যাসের উচ্চমূল্যের প্রভাব সম্পর্কে জ্বালানিমন্ত্রী বলেন, এলএনজির অস্বাভাবিক দাম বৃদ্ধির কারণে গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের ব্যয় অনেক ক্ষেত্রে তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের ব্যয়ের সমান হয়ে গিয়েছিল। এই পরিস্থিতি সামাল দিতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার স্বার্থে তেলচালিত বিদ্যুৎকেন্দ্রের কয়েকটি ইউনিট সচল করা হয়েছিল।
বর্তমান বিদ্যুৎ পরিস্থিতির বিষয়ে ইকবাল হাসান মাহমুদ আশ্বস্ত করে বলেন, বিগত দুই সপ্তাহে দেশে লোডশেডিংয়ের পরিমাণ নগণ্য। বর্তমানে কোথাও বিদ্যুৎ বিভ্রাট ঘটলে সেটি জ্বালানি সংকটের কারণে হচ্ছে না, বরং বিভিন্ন কারিগরি ত্রুটির কারণে হচ্ছে। সার্বিকভাবে বর্তমানে গ্যাস সরবরাহ পরিস্থিতি মোটামুটি স্থিতিশীল রয়েছে বলেও দাবি করেন তিনি।
























