জাপানের সঙ্গে বিকল্প অর্থায়নে সহযোগিতার নতুন পথে বাংলাদেশ
জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করা, অবকাঠামোগত উন্নয়ন এবং বাণিজ্য সম্প্রসারণে বিকল্প অর্থায়নের মাধ্যমে সহযোগিতার ক্ষেত্র বাড়ানোর ওপর জোর দিয়েছে বাংলাদেশ। এই লক্ষ্যে শুক্রবার (৩০ অক্টোবর) টোকিওতে জাপানের অর্থমন্ত্রীর কার্যালয়ে এক দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং জাপানের অর্থমন্ত্রী সাতসুকি কাতায়ামা ও সহকারী অর্থমন্ত্রী আতসুসি মিমুরা অংশ নেন।
বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের উন্নয়ন অংশীদারত্বকে আরও গভীর করার পাশাপাশি বিদেশি বিনিয়োগ বৃদ্ধিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে। অবকাঠামো উন্নয়নের পাশাপাশি নতুন নতুন খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা কীভাবে আরও গতিশীল করা যায়, তা নিয়ে বিশদ আলোচনা করা হয়। বৈঠকে প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী তানভীর গনিসহ দুই দেশের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জাপান বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী রাষ্ট্র। অতীতে জাপানের অর্থায়নে দেশে বড় ধরনের অবকাঠামো ও সামাজিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হয়েছে। বর্তমানে জাপানি সহযোগিতায় বাংলাদেশে চলমান বিভিন্ন প্রকল্পের কাজ ত্বরান্বিত করার পাশাপাশি নতুন চুক্তি সম্পাদনের বিষয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে।

























