জার্মান প্রেসিডেন্টের নৈশভোজে কাতারের আমির, জোর দিলেন দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর
জার্মানির সঙ্গে বিদ্যমান দীর্ঘদিনের দ্বিপাক্ষিক সম্পর্ক ও কৌশলগত অংশীদারিত্ব আরও সংহত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। শুক্রবার সন্ধ্যায় বার্লিনের স্প্রিভোগেন প্রেসিডেন্ট ভবনে জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভাল্টার স্টাইনমায়ারের আমন্ত্রণে এক আনুষ্ঠানিক নৈশভোজে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। আমির তার বক্তব্যে আন্তর্জাতিক সহযোগিতা, আইনের প্রতি শ্রদ্ধা এবং শান্তিপূর্ণ উপায়ে বৈশ্বিক বিবাদ নিষ্পত্তির ওপর গুরুত্বারোপ করেন। তিনি উল্লেখ করেন, কাতার ও জার্মানির মধ্যকার গভীর সম্পর্কের ভিত্তি কেবল অর্থনৈতিক বা বাণিজ্যিক স্বার্থ নয়, বরং পারস্পরিক আস্থা ও অভিন্ন মূল্যবোধের ওপর প্রতিষ্ঠিত।
নৈশভোজে বক্তৃতাকালে কাতারের আমির ইউরোপীয় ও আন্তর্জাতিক অঙ্গনে জার্মানির গঠনমূলক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তিনি নিরাপত্তা, স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠায় দুই দেশের মধ্যে নিয়মিত পরামর্শ ও সমন্বয়ের প্রত্যাশা ব্যক্ত করেন। আমির বলেন, জ্বালানি ও বিনিয়োগ খাতের অগ্রগতির পাশাপাশি প্রযুক্তি, বৈজ্ঞানিক গবেষণা এবং উন্নত শিল্পখাতে অংশীদারিত্বের পরিধি বিস্তৃত করা প্রয়োজন। এটি উভয় দেশের সক্ষমতা বৃদ্ধি এবং জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ জানান।
আমিরকে স্বাগত জানিয়ে প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভাল্টার স্টাইনমায়ারের বক্তব্যে দুই দেশের সম্পর্কের দৃঢ়তা ফুটে ওঠে। বর্তমান আন্তর্জাতিক ভূ-রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে তিনি উল্লেখ করেন। জার্মান প্রেসিডেন্ট কাতারের আধুনিকায়নে ও সমৃদ্ধি অর্জনে শেখ হামাদ বিন খলিফা আল থানির ঐতিহাসিক অবদানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি অর্থনীতি, প্রতিরক্ষা, রাজনীতি, বিজ্ঞান এবং উদ্ভাবনসহ বহুমুখী খাতে সহযোগিতার আগ্রহ পুনর্ব্যক্ত করেন।
আলোচনার অন্যতম মূল বিষয় ছিল মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি। প্রেসিডেন্ট স্টাইনমায়ারের সঙ্গে বৈঠকে চলমান আঞ্চলিক উত্তেজনা প্রশমন এবং টেকসই নিরাপত্তা কাঠামো প্রতিষ্ঠার উপায় নিয়ে বিস্তারিত কথা হয়েছে। উভয় পক্ষই এ বিষয়ে ঘনিষ্ঠ কূটনৈতিক আলোচনা ও পরামর্শ অব্যাহত রাখার বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে।
এই আয়োজনে কাতারের প্রধানমন্ত্রীর পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জসিম আল থানি এবং আমিরের সফরসঙ্গী সরকারি উচ্চপদস্থ প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন। জার্মানির পক্ষ থেকে দেশটির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস, বুন্ডেসটাগের প্রেসিডেন্ট জুলিয়া ক্লকনার ছাড়াও শীর্ষ স্থানীয় সরকারি কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা নৈশভোজে অংশ নেন।

























