পেট্রাপোল সীমান্ত পরিদর্শনে আ.লীগ নেতারা: হাসিনার ফেরার পথ নিয়ে গুঞ্জন
জুলাই মাসে গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতা হারানো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কীভাবে বাংলাদেশে ফিরতে পারেন, তার সম্ভাব্য স্থলপথ নিয়ে পর্যালোচনায় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পেট্রাপোল সীমান্ত এলাকা সফর করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের চার জ্যেষ্ঠ নেতা। ভারতের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ২২ নভেম্বর রোববার এই পরিদর্শন সম্পন্ন হয়েছে। তবে অন্য কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ওই নেতারা পেট্রাপোল ও আগরতলা সফরের পরিকল্পনা করছেন। পাশাপাশি শেখ হাসিনা কোন বাস্তবসম্মত পথে বাংলাদেশে ফিরতে পারেন, তা পর্যালোচনা করাও তাদের সফরের লক্ষ্য।
সফরকারী প্রতিনিধিদলে রয়েছেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আ ফ ম বাহাউদ্দিন নাছিম এবং সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। ভারতীয় সংবাদমাধ্যম সিএনএন-নিউজ ১৮ এবং নিউজ ১৮-এর তথ্যমতে, এই প্রতিনিধিদলটি সীমান্ত এলাকা ও সেখানকার ইমিগ্রেশন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। আগামী কয়েক দিনের মধ্যে তাদের ভারতের আগরতলায় গিয়ে ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা পরিদর্শনেরও পরিকল্পনা রয়েছে।
আওয়ামী লীগ নেতাদের এই সফরকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনা-কল্পনা তৈরি হয়েছে। এরই মধ্যে পশ্চিমবঙ্গের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার এ বিষয়ে মন্তব্য করতে গিয়ে বলেন, কেবল অপেক্ষা করুন এবং পরিস্থিতির ওপর নজর রাখুন। তবে শেখ হাসিনার ফেরা বা এই সফর নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।

























