বাংলাদেশে আসার পথে ইন্দোনেশিয়ায় আটক বিস্ফোরকবাহী বিদেশি জাহাজ
চীন থেকে বাংলাদেশে আসার পথে ইন্দোনেশিয়ার নৌবাহিনী সন্দেহজনক একটি বিদেশি জাহাজ জব্দ করেছে। ‘এমভি স্টার লাইন’ নামের এই জাহাজটি আফ্রিকার দ্বীপরাষ্ট্র কোমোরোসের পতাকাবাহী। জাহাজটিতে ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট নামক বিপজ্জনক রাসায়নিক উপাদান এবং বিপুল সংখ্যক খালি সিমকার্ড পাওয়া গেছে। জাহাজটির গন্তব্য ছিল বাংলাদেশের মোংলা বন্দর। জাহাজের অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেমের (এআইএস) তথ্যেও মোংলা বন্দরের নাম গন্তব্য হিসেবে উল্লেখ রয়েছে।
মেরিটাইম অপটিমা ও ভেসেল ফাইন্ডারের তথ্য অনুযায়ী, জাহাজটি চীনের শিডাও ও লিয়ানইউঙ্গাং বন্দর থেকে যাত্রা শুরু করে। এরপর ৭ অক্টোবর থেকে ২৭ অক্টোবর পর্যন্ত এটি সিঙ্গাপুরে অবস্থান করেছিল। নির্ধারিত সূচি অনুযায়ী ৮ নভেম্বর জাহাজটির মোংলা বন্দরে পৌঁছানোর কথা ছিল। তবে ৭ নভেম্বর বেলাওয়ান উপকূলীয় জলসীমায় ইন্দোনেশিয়ার নৌবাহিনী জাহাজটিকে আটক করে। আন্তর্জাতিক জাহাজ ট্র্যাকিং প্ল্যাটফর্ম ম্যাজিক পোর্ট ও মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী, জাহাজটির বাণিজ্যিক ব্যবস্থাপক সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ড্রিমলাইন কমোডিটিস ডিএমসিসি। আর নিরাপত্তা ব্যবস্থাপক হংকংভিত্তিক ফুজিয়ান সাকসেস ওশান শিপিং। ইন্দোনেশিয়ার স্থানীয় সংবাদমাধ্যম কুমপারান নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গত ৭ নভেম্বর বেলাওয়ান উপকূলীয় জলসীমায় জাহাজটি আটক করা হয়।
ইন্দোনেশিয়ার নৌবাহিনীর আঞ্চলিক কমান্ড-১-এর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল ডেনি সেপ্টিয়ানা গত শুক্রবার বেলাওয়ানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানান, টহল দেওয়ার সময় এমভি স্টার লাইনের গতিবিধি সন্দেহজনক মনে হয়। জাহাজটির দিক পরিবর্তন ও যোগাযোগের অভাবের কারণে নৌবাহিনীর সদস্যরা তল্লাশি চালিয়ে ৩৬টি কনটেইনারের মধ্যে ১৫টিতে মোট ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট খুঁজে পায়। এছাড়া ৫৪টি প্যালেটে লাখ লাখ ফোরজি এলটিই সিমকার্ড উদ্ধার করা হয়। এ ছাড়া সেটির সঙ্গে যোগাযোগও করা যাচ্ছিল না।
ডেনি সেপ্টিয়ানা জানান, জাতীয় নিরাপত্তার স্বার্থে এই বিপজ্জনক পণ্যগুলো জব্দ করা হয়েছে। তিনি সতর্ক করে বলেন, যথাযথভাবে সংরক্ষণ না করলে এই রাসায়নিক থেকে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এর আগে ইরানের বন্দর আব্বাস ও যুক্তরাষ্ট্রের নেভাদায় সোডিয়াম পারক্লোরেট থেকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বর্তমানে জাহাজটির নথিপত্র এবং পণ্য পরিবহনের আইনি বৈধতা যাচাই করা হচ্ছে।
সোডিয়াম পারক্লোরেট রকেট বুস্টার ও স্যাটেলাইট উৎক্ষেপণযানে কঠিন জ্বালানি হিসেবে ব্যবহৃত অ্যামোনিয়াম পারক্লোরেট তৈরির মূল উপাদান। এছাড়া এটি আতশবাজি, ফ্লেয়ার, খনি ও নির্মাণশিল্প এবং বস্ত্রশিল্পেও ব্যবহৃত হয়। রাসায়নিকটির অক্সিজেন সরবরাহের উচ্চ ক্ষমতা থাকায় সাধারণ দাহ্য পদার্থের সংস্পর্শে এটি ভয়াবহ বিস্ফোরণ ঘটাতে সক্ষম। আন্তর্জাতিক সমুদ্র পরিবহনের নিয়মানুযায়ী এটি অত্যন্ত বিপজ্জনক পণ্য হিসেবে গণ্য হয়।
বাংলাদেশে এ ধরনের রাসায়নিক আমদানির ক্ষেত্রে বিস্ফোরক আইন, ১৮৮৪ এবং বিস্ফোরক বিধিমালা, ২০০৪ অনুসরণ বাধ্যতামূলক। বিস্ফোরক পরিদপ্তরের প্রধান বিস্ফোরক পরিদর্শকের কাছ থেকে আমদানি লাইসেন্স বা অনাপত্তিপত্র নেওয়া আইনি শর্ত। এছাড়া আমদানিকারককে ফরম-২২ অনুযায়ী মজুতের লাইসেন্স, ফায়ার সার্ভিসের ছাড়পত্র এবং গুদামের নকশা জমা দিতে হয়। এর আমদানি-রপ্তানির ক্ষেত্রে কঠোর সরকারি অনুমোদন প্রয়োজন।
বাণিজ্য মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী, নিয়ন্ত্রিত রাসায়নিক আমদানির ক্ষেত্রে নিবন্ধিত শিল্পপ্রতিষ্ঠানগুলো নিজস্ব উৎপাদন সক্ষমতার ভিত্তিতে এলসি খুলতে পারে।
এক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা ছাড়পত্র ও পরিবেশ অধিদপ্তরের অনুমোদনের প্রয়োজন পড়ে। সাধারণ বাণিজ্যিক আমদানিকারকদের জন্য এ ধরনের পণ্য আমদানি আইনত নিষিদ্ধ বা সীমিত। মোংলা বন্দর কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হয়নি।























