জয়পুরহাটের ডিসিকে ৭২ ঘণ্টার মধ্যে অপসারণের দাবি ছাত্রদলের
জয়পুরহাটে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত জেলা প্রশাসনের আলোচনা সভায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি ব্যানারে না রাখার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জয়পুরহাট জেলা শাখা।
এই পরিস্থিতিকে কেন্দ্র করে শনিবার রাতে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক নাঈম ইসলামের ফেসবুক পেজে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জেলা প্রশাসককে আগামী ৭২ ঘণ্টার মধ্যে অপসারণের আলটিমেটাম দেওয়া হয়েছে। দাবি মানা না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ব্যানারে জিয়াউর রহমানের ছবি না থাকা এবং এক বক্তার বক্তব্যে শেখ মুজিবুর রহমানকে বারবার ‘জাতির পিতা’ হিসেবে সম্বোধন করার সময় জেলা প্রশাসকের নিরব ভূমিকা পালন করার বিষয়টি ছাত্রদলকে ক্ষুব্ধ করেছে। সংগঠনটির সভাপতি এ কে এম গোলাম মাহফুজ শুভ ও সাধারণ সম্পাদক কে এম শাকিল হোসেনের নির্দেশনায় এই বিবৃতি প্রদান করা হয়েছে। বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করেছেন জেলা ছাত্রদলের সভাপতি নিজেই এবং বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন সাংগঠনিক সম্পাদক নাঈম ইসলাম।
ঘটনার সূত্রপাত শনিবার জয়পুরহাট জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত আলোচনা সভায়। সভার মূল ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না থাকাকে কেন্দ্র করে শুরুতে উপস্থিতিদের মাঝে ব্যাপক অসন্তোষ ও হট্টগোলের সৃষ্টি হয়। পরবর্তী সময়ে ব্যানারে তাঁর ছবি যুক্ত করার পর অনুষ্ঠান শুরু হলেও, এক বক্তার বক্তব্যকে ঘিরে দ্বিতীয় দফায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অনুষ্ঠানের এমন পরিস্থিতির জন্য জেলা প্রশাসক দুঃখ প্রকাশ করে ক্ষমা প্রার্থনা করেছেন। এছাড়া জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী পুরো ঘটনার বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন।

























