ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক ও রেলপথ অবরোধ: বন্ধ ঢাকা-চট্টগ্রাম-সিলেট ট্রেন চলাচল
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নকে ভেঙে নতুন ‘বরিশল’ ইউনিয়ন গঠন এবং উপজেলা বিভক্তির প্রতিবাদে স্থানীয়রা সড়ক ও রেলপথ অবরোধ করেছেন। রোববার সকাল থেকে সদর উপজেলার কোড্ডা কেবিন এলাকায় বিক্ষোভ শুরু করায় ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এর ফলে পারাবত, পর্যটক এক্সপ্রেস, মহানগর ও সুবর্ণ এক্সপ্রেসসহ একাধিক ট্রেনের সময়সূচি বিপর্যয়ের মুখে পড়েছে। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নকে ভেঙে বরিশল ইউনিয়ন করার প্রতিবাদ ও অখণ্ড ইউনিয়ন পুনর্বহালের দাবি এবং সদর উপজেলাকে বিভক্ত করার প্রতিবাদে সড়কপথ ও রেলপথ অবরোধ করেছে এলাকাবাসী।
আন্দোলনরতরা জানান, চলতি বছরের মে মাসে সদর উপজেলার কোড্ডা, বৈষ্ণবপুর, শ্যামনগর, কোড়াবাড়ি, চান্দি ও বরিশল—এই ছয়টি গ্রাম নিয়ে বরিশল নামে নতুন একটি ইউনিয়ন গঠন করে সেটিকে আখাউড়া উপজেলার সঙ্গে যুক্ত করা হয়। এ বিষয়ে গত ৪ জুন সরকারি গেজেট প্রকাশিত হয়। স্থানীয়রা শুরু থেকেই এই সিদ্ধান্তের বিরোধিতা করে আসছেন।
সম্প্রতি পরিস্থিতি আরও জটিল হয় যখন সদর উপজেলার তিনটি ইউনিয়ন—বাসুদেব, সুলতানপুর ও রামরাইলকে নতুন করে বরিশল ইউনিয়নের সঙ্গে যুক্ত করে একটি নতুন উপজেলা গঠনের প্রস্তাব দেওয়া হয়। জেলা বিএনপি নেতা কবির আহমেদ ভূঁইয়ার আবেদনের প্রেক্ষিতে স্থানীয় সরকার বিভাগ সম্ভাব্যতা যাচাইয়ের জন্য দাপ্তরিক চিঠি পাঠালে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানান, অবরোধের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। তিনি আরও জানান, কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি বা জানমালের ক্ষয়ক্ষতি রোধে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিবিড় নিরাপত্তায় নিয়োজিত রয়েছে। জানমালের কোনো ক্ষতি যাতে না হয়, সেজন্য নিরাপত্তায় পুলিশ দায়িত্ব পালন করছে।
























