নাটোরে জাতীয় যুব দিবস: বেকারত্ব দূরীকরণে বিশেষ উদ্যোগ
‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি ঘিরে জেলা প্রশাসন সপ্তাহব্যাপী নানামুখী কর্মসূচি গ্রহণ করেছে। রোববার (১ নভেম্বর) সকালে নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক আলোচনা সভার মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হয়।
জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তারের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাটোর-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। প্রধান অতিথির বক্তব্যে তিনি নাটোরের যুবসমাজের বেকারত্ব লাঘবে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন। নতুন উদ্যোক্তা তৈরিতে সব ধরনের প্রয়োজনীয় সহায়তা প্রদানের প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। নতুন নতুন উদ্দ্যোক্তা তৈরি করতে সরকার সব ধরনের প্রয়োজনীয় চেষ্টার কথাও জানান হুইপ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা যুবদলের আহ্বায়ক এমএ হাই তালুকদার ডালিম, জেলা বিএনপির সদস্য সচিব মো. আসাদুজ্জামান এবং জেলা বিএনপির আহ্বায়ক ও নাটোর জেলা পরিষদের প্রশাসক রহিম নেওয়াজসহ আমন্ত্রিত অতিথিরা। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তার যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগের আশ্বাস দেন এবং এ কাজে হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন।
অনুষ্ঠানের শেষভাগে সফল উদ্যোক্তাদের সম্মাননা ক্রেস্ট প্রদান ও গাছের চারা বিতরণ করেন হুইপ দুলু। এরপর তিনি ও জেলা প্রশাসক বেলুন উড়িয়ে যুব দিবসের র্যালির উদ্বোধন করেন। এছাড়া জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে স্থাপিত বিভিন্ন উদ্যোক্তার স্টল পরিদর্শন করেন তাঁরা। জেলা প্রশাসন জানিয়েছে, যুব দিবস উপলক্ষে গৃহীত সপ্তাহব্যাপী কর্মসূচিগুলো পর্যায়ক্রমে চলমান থাকবে।


















