টাকার মান কমছে, বাড়ছে মানুষের আর্থিক দুর্ভোগ
বহু বছর ধরে ব্যাংকের কাউন্টারে মাসের শুরুতে মুনাফা তুলতে আসা মানুষের জটলা দেখছি। আগে তাদের চোখেমুখে যে তৃপ্তির আভা দেখা যেত, এখন তা বিলীন। মুনাফার টাকা হাতে নিয়ে আগের মতোই তারা বাজারে যান, কিন্তু এখন আর ব্যাগভর্তি বাজার করা সম্ভব হয় না। পরিবারের খরচ মেটাতে গিয়ে তাদের হিমশিম খেতে হয়। এই অদৃশ্য চাপের নামই মূল্যস্ফীতি, যা সাধারণ মানুষের জীবনযাত্রার মানকে নীরবে নিচে নামিয়ে দিচ্ছে। পরিসংখ্যানের হিসেবে একে শতাংশের অঙ্কে প্রকাশ করা হলেও, বাস্তব জীবনে এটি সন্তানের পড়াশোনার খরচ কমানো বা চিকিৎসায় কার্পণ্য করার মতো কঠিন সিদ্ধান্তে রূপ নেয়। মিল্টন ফ্রিডম্যান যেমন বলেছিলেন, মূল্যস্ফীতি হলো এক ধরনের গোপন কর, যা কোনো আইন প্রণয়ন ছাড়াই মানুষের পকেট থেকে অর্থ শুষে নেয়। কয়েক বছর আগেও সেই মুখে একটা তৃপ্তি থাকত। মুনাফার টাকা হাতে নিয়ে তারা হাসিমুখে বেরিয়ে যেতেন, দুই হাত ভরে বাজার করতেন, নাতি-নাতনির জন্য কিছু কিনতেন, কেউ কেউ সামান্য টাকা আবার জমাতেন। কিন্তু সেই টাকায় এখন সংসার চলে টেনেটুনে। বাজারের ব্যাগ হালকা, মুখের হাসিটাও আগের মতো নেই। এই ক্ষয়ের ভুক্তভোগীদের অনেকেই এর নামটা জানেন না। অথচ আমরা এটিকে দেখি মাস শেষে প্রকাশিত একটা পরিসংখ্যান হিসেবে। এটি ঠিক করে দেয়, সন্তানের কোচিং চলবে না বন্ধ হবে, অসুখে ডাক্তারের কাছে যাওয়া হবে না, পিছিয়ে দিতে হবে। এই কমা শিরোনাম হয়, কিন্তু কাউন্টারের ওপারের মানুষের জীবনে তেমন ছাপ ফেলে না। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম গড়ের চেয়ে বেশি বাড়লে পরিবারের প্রকৃত ক্ষতি আরো বড় হয়। আসল টাকা অক্ষত থাকে বলে ক্ষতিটা চোখে পড়ে না, কিন্তু প্রতিবছর সঞ্চয়ের মূল্য একটু একটু করে ছোট হতে থাকে। ব্যাংক আমানত হারালে ঋণ দেওয়ার সক্ষমতাও কমে, আর সেই ধাক্কা লাগে ছোট ব্যবসায়ী ও উদ্যোক্তার গায়ে।
বাংলাদেশ গত চার বছর ধরে এই কঠিন বাস্তবতার মধ্য দিয়ে যাচ্ছে।
২০২২ সালের জুলাই মাসে জ্বালানির দাম গড়ে ৪৭ শতাংশ বৃদ্ধির মাত্র এক মাসের ব্যবধানে মূল্যস্ফীতি ৭ দশমিক ৪৮ শতাংশ থেকে লাফিয়ে ৯ দশমিক ৫২ শতাংশে পৌঁছায়। এরপর চলতি বছরের এপ্রিল থেকে তিন দফায় জ্বালানি তেলের দাম গড়ে প্রায় ৩৭ শতাংশ বাড়ানো হয়েছে, যার মধ্যে ডিজেলের দাম বেড়েছে ৩৫ শতাংশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্যমতে, মে মাসে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৪২ শতাংশ, যা আগস্ট মাসে ৮ দশমিক ২৬ শতাংশে নেমেছে। সরকারি এই তথ্যের ভিত্তিতে মূল্যস্ফীতি কমার দাবি উঠলেও সাধারণ মানুষের ক্রয়ক্ষমতায় এর কোনো প্রতিফলন নেই। খাদ্য মূল্যস্ফীতি আগস্টে ৭ দশমিক শূন্য ২ শতাংশে নেমে এলেও খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৩২ শতাংশে। অর্থাৎ বাড়ি ভাড়া, চিকিৎসা, শিক্ষা ও যাতায়াতের খরচ সাধারণ মানুষের নাগাল ছাড়িয়ে যাচ্ছে। একই সময়ে মজুরি বৃদ্ধির হার ৮ দশমিক শূন্য ৫ শতাংশ, যা প্রায় মূল্যস্ফীতির সমতুল্য হলেও জীবনযাত্রার মানের উন্নয়ন ঘটাতে ব্যর্থ হয়েছে। এবার এপ্রিল থেকে তিন দফায় জ্বালানির দাম গড়ে প্রায় ৩৭ শতাংশ বেড়েছে, ডিজেলের দাম বেড়েছে ৩৫ শতাংশ। প্রায় এক শতাব্দী আগে কেইনসও সতর্ক করেছিলেন, টাকার মান অস্থির হলে সমাজে সম্পদের নীরব পুনর্বণ্টন ঘটে। তখন নগদ সঞ্চয়কারী আর স্থির আয়ের মানুষ হারেন, আর দাম বাড়তে থাকা সম্পদের মালিকরা তুলনামূলক নিরাপদ থাকেন। যে দাম একবার উঠে গেছে, সেটা সহজে নামে না, আর হারানো ক্রয়ক্ষমতাও এমনি এমনি ফিরে আসে না। কাগজে আয় বাড়লেও জীবনযাত্রায় স্বস্তি আসে না, কারণ সব পণ্যের দাম একই হারে বাড়ে না।
সঞ্চয়কারীদের জন্য বর্তমান সময়টি সবচেয়ে ঝুঁকিপূর্ণ। বাংলাদেশ ব্যাংকের তথ্য বিশ্নেষণে দেখা যায়, ২০২৫ সালে ব্যাংকে রাখা আমানতের গড় সুদের হার ছিল প্রায় ৬ শতাংশ, অথচ মূল্যস্ফীতি ৮ থেকে ৯ শতাংশের ঘরে ঘোরাফেরা করেছে। অর্থাৎ, ব্যাংকে টাকা রাখা গ্রাহকরা বাস্তবে ২ থেকে ৩ শতাংশ হারে লোকসানের শিকার হচ্ছেন। সঞ্চয়ের প্রকৃত মূল্য কমে যাওয়ায় মানুষ এখন ব্যাংকের পরিবর্তে সোনা, জমি বা ভোগের দিকে ঝুঁকছে, যা দেশের দীর্ঘমেয়াদী মূলধন গঠনের ভিত্তিকে দুর্বল করে দিচ্ছে। বিনিয়োগকারীরাও অনিশ্চয়তার মুখে পড়ছেন; কাঁচামালের দাম ও জ্বালানি খরচের আকস্মিক বৃদ্ধিতে দীর্ঘমেয়াদী প্রকল্পের হিসাব মেলানো কঠিন হয়ে পড়েছে। শিল্প খাতের গ্যাস সংকট এই সমস্যাকে আরও জটিল করে তুলেছে, যার নেতিবাচক প্রভাব পড়ছে বেসরকারি বিনিয়োগের ওপর। অথচ উন্নয়নশীল অর্থনীতির মূলধন গঠনের ভিত্তিই এই বিশ্বাস যে, আজকের সঞ্চয় আগামী দিনের নিরাপত্তা দেবে।
নিম্ন আয়ের মানুষের ওপর এই মুদ্রাস্ফীতির আঘাত সবচেয়ে তীব্র। বিশ্বব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, ২০২২ সালে দারিদ্র্যের হার ছিল ১৮ দশমিক ৭ শতাংশ, যা ২০২৫ সালে বেড়ে ২১ দশমিক ৪ শতাংশে দাঁড়িয়েছে। এই সময়ের ব্যবধানে প্রায় ১৪ লাখ মানুষ নতুন করে দারিদ্র্যসীমার নিচে পতিত হয়েছেন। উদ্বেগের বিষয় হলো, দেশের প্রায় ৬ কোটি ২০ লাখ মানুষ বা এক-তৃতীয়াংশ জনগোষ্ঠী দারিদ্র্যে ফিরে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। সামান্য একটি অসুস্থতা বা দুর্যোগ তাদের অসহায়ত্বের চরম সীমায় ঠেলে দিতে পারে। এর দীর্ঘমেয়াদী প্রভাব পড়ছে দেশের মানবসম্পদে, কারণ পুষ্টি ও শিক্ষার অভাবে একটি বড় প্রজন্ম ভবিষ্যতে দুর্বল কর্মক্ষমতা নিয়ে শ্রমবাজারে প্রবেশ করবে। প্রায় ১৪ লাখ মানুষ নতুন করে দরিদ্র হয়েছেন, কারণ নিম্ন আয়ের মানুষের মজুরি দামের সঙ্গে তাল রাখতে পারেনি। আরো উদ্বেগের কথা, প্রায় ৬ কোটি ২০ লাখ মানুষ, অর্থাৎ জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশ, এখনো দারিদ্র্যে ফিরে যাওয়ার ঝুঁকিতে আছেন।
এই পরিস্থিতি সামাল দিতে সমন্বিত নীতিমালার প্রয়োজন। প্রথমত, মুদ্রানীতিকে এমনভাবে সাজাতে হবে যাতে সাধারণ সঞ্চয়কারীদের প্রকৃত রিটার্ন ঋণাত্মক না হয়। দ্বিতীয়ত, জ্বালানির দাম বারবার বড় ব্যবধানে না বাড়িয়ে ধাপে ধাপে এবং আগাম ঘোষণা দিয়ে সমন্বয় করতে হবে। তৃতীয়ত, সিন্ডিকেট ভেঙে সরবরাহ চেইন সচল করা ও কৃষিপণ্যের পরিবহন খরচ কমানোর দিকে বিশেষ নজর দিতে হবে। চতুর্থত, অসহায় দরিদ্রদের সহায়তায় লক্ষ্যভিত্তিক উদ্যোগ গ্রহণ এবং জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে ভাতা বৃদ্ধির ব্যবস্থা করতে হবে। পরিশেষে, ব্যাংক খাতের শৃঙ্খলা ফিরিয়ে এনে বেসরকারি বিনিয়োগ উৎসাহিত করতে হবে। কারণ উৎপাদন বাড়লেই কেবল মূল্যস্ফীতির চাপ স্থায়ীভাবে কমানো সম্ভব। যতক্ষণ না মানুষের হাতের টাকার প্রকৃত কেনার ক্ষমতা ফিরছে, ততক্ষণ পর্যন্ত মূল্যস্ফীতি দেশের সাধারণ মানুষের জন্য এক অঘোষিত অভিশাপ হয়েই থাকবে। কারণ মূল্যস্ফীতি কমা মানে দাম কমা নয়, শুধু দাম বাড়ার গতি একটু ধীর হওয়া।

























