বিশ্বের সব সোনা এক করলে কত বড় হবে?
হাজার বছর ধরে মানুষ খনি থেকে সোনা আহরণ করছে। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের হালনাগাদ তথ্যানুযায়ী, ২০২৬ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত বিশ্বে খনি থেকে উত্তোলিত সোনার পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২ লাখ ২৪ হাজার ২০০ টন। এই পুরো সোনাকে যদি এক জায়গায় এনে একটি নিরেট ঘনক বা কিউব তৈরি করা যায়, তবে তার প্রতিটি বাহু হবে প্রায় ২২ দশমিক ৬ মিটার বা ২৩ মিটারের মতো। উচ্চতার দিক থেকে এটি সাত থেকে আটতলা ভবনের সমান। তুলনা করলে বলা যায়, রাজধানীর মেট্রোস্টেশনের কিছুটা বেশি কিংবা উচ্চতায় সাভারের জাতীয় স্মৃতিসৌধের প্রায় অর্ধেক হবে। প্রাচীন সভ্যতার সময় থেকেই মানুষ খনি থেকে সোনা তুলছে। খনিশিল্পে একে বলা হয় রিজার্ভ বা উত্তোলনযোগ্য মজুত সোনা।
এই বিশাল ঘনকটিকে মাটিতে বসাতে প্রায় সাড়ে পাঁচ হাজার বর্গফুট জায়গার প্রয়োজন হবে। তুলনামূলকভাবে, ঢাকার মাঝারি বা বড় আকারের একটি ফ্ল্যাট সাধারণত ১ হাজার ২০০ থেকে ২ হাজার ২০০ বর্গফুটের হয়ে থাকে। অর্থাৎ, এই সোনা রাখতে তিনটি বড় ফ্ল্যাটের সমান অথবা বাংলাদেশের মাপকাঠি অনুযায়ী প্রায় সাড়ে সাত কাঠা জমির দরকার হবে। বাংলাদেশে ১ কাঠা সমান ৭২০ বর্গফুট জায়গা।
সোনার উচ্চ ঘনত্ব এবং ওজনের কারণে এর আয়তন লোহার চেয়ে বেশ কম। আন্তর্জাতিক বাজারদরে এই বিপুল পরিমাণ সোনার মূল্য প্রায় ৩০ লাখ কোটি মার্কিন ডলার। উল্লেখযোগ্য বিষয় হলো, এ পর্যন্ত উত্তোলিত সোনার প্রায় দুই-তৃতীয়াংশই ১৯৫০ সালের পর তোলা হয়েছে। সোনা সহজে ক্ষয় হয় না বলে অতীতে উত্তোলিত সোনার প্রায় পুরোটাই আজও বিভিন্ন রূপে টিকে আছে। ফলে একই আয়তনের লোহার চেয়ে অপেক্ষাকৃত কম আয়তনের সোনার ওজন একই। সেখান থেকে কতটা সোনা লাভজনকভাবে তোলা যাবে, তা আরও অনুসন্ধান ও অর্থনৈতিক সমীক্ষার ওপর নির্ভর করে।
ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের প্রতিবেদন অনুযায়ী, ভূপৃষ্ঠের ওপরে থাকা এই সোনার সিংহভাগই গয়না হিসেবে রয়েছে, যার পরিমাণ প্রায় ৯৮ হাজার ৭০০ টন বা মোট মজুতের ৪৪ শতাংশ। সেপ্টেম্বর মাসের বাজারদর অনুযায়ী শুধু গয়নার সোনার মূল্য প্রায় সাড়ে ১৩ লাখ কোটি ডলার। এ ছাড়া কেন্দ্রীয় ব্যাংকগুলোর ভল্টে রয়েছে প্রায় ৩৯ হাজার ৩০০ টন সোনা (১৮ শতাংশ)। গয়না ও রিজার্ভের বাইরে বার ও মুদ্রা হিসেবে সংরক্ষিত আছে প্রায় ৪৮ হাজার ১০০ টন বা ২১ শতাংশ সোনা।
বাকি মজুতের মধ্যে সোনাভিত্তিক এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডে (ইটিএফ) ৪ হাজার ৩০০ টন, সরাসরি লেনদেনের বাজারে ১০ হাজার টন এবং প্রযুক্তিপণ্যে ব্যবহৃত সোনাসহ অন্যান্য খাতে ২৩ হাজার ৮০০ টন সোনা রয়েছে। মাটির নিচের মজুতের বিষয়ে কাউন্সিল জানিয়েছে, বিশ্বের বিভিন্ন খনিতে আরও প্রায় ৬১ হাজার টন সোনা রয়েছে যা অর্থনৈতিকভাবে লাভজনক উপায়ে উত্তোলন করা সম্ভব। এ ছাড়া আরও ১ লাখ ১৪ হাজার ৪০০ টন সোনা সম্পদ হিসেবে চিহ্নিত রয়েছে, তবে সেগুলোর ভূতাত্ত্বিক তথ্য ও উত্তোলনের লাভজনকতা নিয়ে আরও গবেষণার প্রয়োজন রয়েছে। তবে এ হিসাবের আওতায় থাকা অনেক খনিজক্ষেত্র সম্পর্কে ভূতাত্ত্বিক তথ্য সীমিত।

























