পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ড সভা আজ, মালিকপক্ষের প্রস্তাবের অপেক্ষায়
দেশের তৈরি পোশাকশিল্পে নিয়োজিত শ্রমিক ও কর্মচারীদের জন্য নতুন ন্যূনতম মজুরি নির্ধারণের লক্ষ্যে মজুরি বোর্ডের তৃতীয় সভা আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সোমবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর বিজয়নগরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণির শ্রম ভবনের ১৯ তলায় অবস্থিত শ্রম অধিদপ্তরে এই সভা অনুষ্ঠিত হবে। বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী সভায় সভাপতিত্ব করবেন। নতুন মজুরি নির্ধারণের দাবিতে বিভিন্ন শ্রমিক সংগঠন ও শ্রমিকরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন।
এর আগে গত ১ নভেম্বর সরকার পোশাক খাতের শ্রমিকদের নতুন মজুরি কাঠামো নির্ধারণে ছয় সদস্যের এই বোর্ড গঠন করে।
বোর্ডের বর্তমান চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী ছাড়াও নিরপেক্ষ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমেদ।
মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে রয়েছেন বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব এবং বিজিএমইএ পরিচালক এ বি এম শামসুদ্দিন। এছাড়া শ্রমিকপক্ষের প্রতিনিধিত্ব করছেন জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন ও গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার।
চলতি বছরের ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়, যেখানে উভয় পক্ষকে নিজ নিজ প্রস্তাবনা প্রস্তুত করে পরবর্তী সভায় জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল। সেই ধারাবাহিকতায় গত ৯ নভেম্বর অনুষ্ঠিত দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ তাদের প্রস্তাবিত মজুরি কাঠামো উপস্থাপন করে। শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার চারটি গ্রেডে মজুরি নির্ধারণের সুপারিশ করেন। প্রস্তাব অনুযায়ী, প্রথম গ্রেডে ৪৮ হাজার, দ্বিতীয় গ্রেডে ৪৩ হাজার, তৃতীয় গ্রেডে ৩৮ হাজার এবং চতুর্থ গ্রেডে ৩২ হাজার টাকা মজুরির দাবি জানানো হয়েছে। এছাড়া শিক্ষানবিশ শ্রমিকদের জন্য ৩০ হাজার টাকা মাসিক মজুরির প্রস্তাব রাখা হয়েছে। এদিন নতুন মজুরির প্রস্তাব মালিকপক্ষ দেবে বলে জানা গেছে।
শ্রমিকপক্ষের পক্ষ থেকে অফিস স্টাফদের ক্ষেত্রেও মজুরি বৃদ্ধির দাবি জানানো হয়েছে। এর মধ্যে প্রথম গ্রেডে ৫৫ হাজার, দ্বিতীয় গ্রেডে ৫০ হাজার, তৃতীয় গ্রেডে ৪৫ হাজার এবং চতুর্থ গ্রেডে ৪০ হাজার টাকা মজুরি নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতি, বাড়িভাড়া এবং চিকিৎসা ব্যয়সহ জীবনযাত্রার মান বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিয়ে শ্রমিক সংগঠনগুলো দীর্ঘ দিন ধরেই মাসিক ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবি জানিয়ে আসছে।
দ্বিতীয় সভায় মালিকপক্ষ তাদের প্রস্তাবিত কাঠামো জমা দিতে ব্যর্থ হওয়ায় তাদের চার কার্যদিবস সময় দিয়েছিল বোর্ড। গত ১৫ নভেম্বরের মধ্যে প্রস্তাব জমা দেওয়ার কথা থাকলেও তা সম্ভব হয়নি। উল্লেখ্য, গত ১৬ নভেম্বর নির্ধারিত বোর্ড সভাটি অনিবার্য কারণে স্থগিত করা হয়। পরবর্তী কার্যক্রমের অংশ হিসেবে ২৩ নভেম্বর এই তৃতীয় সভাটি অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয় বোর্ড।
বর্তমানে দেশে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা। ২০২৩ সালের নভেম্বরে এই মজুরি কাঠামো ঘোষণা করা হয়, যা ওই বছরের ডিসেম্বরে কার্যকর হয়েছিল। তার আগে ২০১৮ সালে সর্বনিম্ন মজুরি ছিল ৮ হাজার টাকা। এবারের সভায় উভয়পক্ষের মতামত পর্যালোচনা করে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত করার প্রক্রিয়া আরও এগিয়ে নেওয়ার আশা করা হচ্ছে।


























