সাফ সেমিফাইনালের টিকিট মিলবে ১ হাজার টাকায়
সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টের গ্রুপ পর্বের লড়াই শেষে আগামী ১৪ নভেম্বর মাঠে গড়াবে সেমিফাইনালের দুটি ম্যাচ। প্রথম সেমিফাইনালে বিকাল ৩টায় মুখোমুখি হবে ভারত ও ভুটান। এছাড়া রাত সাড়ে ৮টায় দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে লড়বে পাকিস্তান। এই দুই ম্যাচ ও ফাইনালের টিকিট মূল্য ১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে গ্রুপ পর্বে টিকিটের দাম ছিল ৮০০ টাকা, যা সেমিফাইনালের জন্য বাড়ানো হয়েছে। গতকাল দুপুরের পর থেকে অনলাইন প্ল্যাটফর্ম ‘টিকিফাই’-এ টিকিট বিক্রি শুরু হয়েছে।
টুর্নামেন্টের মার্কেটিং স্বত্ব পাওয়া প্রতিষ্ঠান টিএসএর প্রধান নির্বাহী সজীব রশিদ জানান, ইতোমধ্যে প্রায় ১১ হাজার টিকিট বিক্রি হয়েছে এবং দর্শকদের মধ্যে ভালো চাহিদা রয়েছে। তবে রাত সাড়ে ৮টায় দ্বিতীয় সেমিফাইনাল শুরু হওয়ায় দর্শকদের বাড়ি ফেরা নিয়ে কিছুটা চ্যালেঞ্জ তৈরি হতে পারে। বিশেষ করে খেলা ড্র হলে অতিরিক্ত সময় এবং টাইব্রেকারের কারণে ম্যাচ শেষ হতে রাত ১১টা পর্যন্ত গড়িয়ে যেতে পারে।
একই দিনে দুটি সেমিফাইনাল আয়োজনের কারণ ব্যাখ্যা করতে গিয়ে সাফ সাধারণ সম্পাদক পুরুষোত্তম ক্যাটেল বলেন, জাতীয় স্টেডিয়ামে ড্রেসিংরুম মাত্র দুটি। একটি ম্যাচ শেষ হওয়ার পর ড্রেসিংরুম ছাড়তে সময় লাগলে অন্য দলকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। এই বাস্তব পরিস্থিতি বিবেচনা করেই একই দিনে দুই ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

























