মেসিকে হারিয়ে সর্বকালের সেরা ব্যালন ডি’অর জয়ী রোনালদো
ফুটবল বিশ্বের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর শ্রেষ্ঠত্বের লড়াই নতুন নয়। তবে এবার উয়েফা এবং ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের যৌথ উদ্যোগে পরিচালিত ‘বোট’ (BOAT – Best Of All Time) বা সর্বকালের সেরা ব্যালন ডি’অর জয়ী নির্বাচনে সমর্থকদের ভোটে মেসিকে পেছনে ফেলেছেন রোনালদো। অনলাইন এই ভোটিংয়ে ৪৪৬ পয়েন্ট পেয়ে শীর্ষস্থান দখল করেছেন পর্তুগিজ সুপারস্টার, যেখানে লিওনেল মেসি পেয়েছেন ২৮১ পয়েন্ট। আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘ক্ল্যারিন’ এই তথ্য নিশ্চিত করেছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই বিশেষ পুরস্কারের জন্য কোনো ট্রফি প্রদান করা হবে না। ফুটবলপ্রেমিদের ভোটিংয়ের তুমুল উত্তেজনার পর অবশেষে ফুটবল ইতিহাসে সর্বকালের সেরা ব্যালন ডি’অর জয়ীর মুকুট পরলেন ক্রিস্টিয়ানো রোনালদো। এই অনলাইন ভোটিংয়ে ফুটবল বিশ্বের দুই বরপুত্র রোনালদো ও মেসি পুরো শীর্ষ ১২ জনের স্থান নিজেদের দখলে রেখেছেন।
বিশ্বজুড়ে ভক্তদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই ভোটিংয়ের প্রতিটি ভোটের জন্য ১ ইউরো বা ১৩৮ টাকা ফি ধার্য করা হয়েছিল। এই প্রক্রিয়ায় অংশগ্রহণকারীদের মধ্যে লটারি বা ড্রয়ের মাধ্যমে দুজনকে ২০২৭ সালের মূল ব্যালন ডি’অর অনুষ্ঠানে সরাসরি উপস্থিত থাকার সুযোগ দেয়া হবে। ভোটিংয়ে শীর্ষ ১২টি স্থানের পুরোটাই নিজেদের দখলে রেখেছেন রোনালদো ও মেসি। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মেসির ২০১২ সালের দুর্দান্ত পারফরম্যান্স। এর পরের অবস্থানে রয়েছেন যথাক্রমে ক্রিস্টিয়ানো রোনালদো (২০১৭), লিওনেল মেসি (২০২৩) ও ক্রিস্টিয়ানো রোনালদো (২০১৬)।
ফ্যানদের বিচারে ইতিহাসের সেরা মৌসুম হিসেবে স্বীকৃতি পাওয়া রোনালদোর ২০০৭-০৮ মৌসুমটি ছিল রূপকথার মতো। স্যার অ্যালেক্স ফার্গুসনের ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে সেই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪২টি গোল করেছিলেন তিনি। যার মধ্যে কেবল প্রিমিয়ার লীগেই ৩১টি গোল ছিল। তার একক নৈপুণ্যে সেবার রেড ডেভিলরা প্রিমিয়ার লীগ ও উয়েফা চ্যাম্পিয়নস লীগ জয় করে। মস্কোর ফাইনালে চেলসির বিপক্ষে পেনাল্টি শুটআউটের রোমাঞ্চ আজও ভক্তদের স্মৃতিতে উজ্জ্বল। সেই বছরই তিনি প্রথম ব্যালন ডি’অর জয় করেন। একই বছর তিনি ক্যারিয়ারের প্রথম ব্যালন ডি’অর নিজের ঘরে তোলেন।
পরবর্তীতে ২০০৯ সালে রেকর্ড ট্রান্সফার ফিতে ওল্ড ট্রাফোর্ড ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেন রোনালদো। সেখানে তিনি আরও চারটি ব্যালন ডি’অর জেতেন। জুভেন্টাস হয়ে ২০২১ সালে সংক্ষিপ্ত সময়ের জন্য ইউনাইটেডে ফিরে আসলেও নানা বিতর্কের মুখে তিনি ক্লাব ছাড়েন। বর্তমানে তিনি সৌদি প্রো লীগের ক্লাব আল নাসরের হয়ে মাঠ মাতাচ্ছেন এবং কিছুদিন আগেই শিরোপা জিতেছেন। অন্যদিকে, আটটি ব্যালন ডি’অর নিয়ে ফুটবলের রাজত্বে মেসিও রয়েছেন নিজের অবস্থানে। সবকিছুর পরেও, ভক্তদের রায়ে ২০০৮ সালের রোনালদোর সেই ম্যানচেস্টার ইউনাইটেড সংস্করণটিই সর্বকালের সেরা হিসেবে ইতিহাস গড়ল। ২০০৮ সালে ওল্ড ট্রাফোর্ডে রূপকথা লেখেন রোনালদো।















