প্রতিরক্ষামন্ত্রী হেগসেথকে কি সরাচ্ছেন ট্রাম্প? দোটানায় হোয়াইট হাউস
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে দলের ভরাডুবির পর প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে স্বপদে রাখা নিয়ে দোদুল্যমান অবস্থায় রয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের তথ্যমতে, বিষয়টির গুরুত্ব বিবেচনায় নিয়ে ট্রাম্প তার ঘনিষ্ঠ উপদেষ্টাদের সঙ্গে নিয়মিত পরামর্শ করছেন। তাদের আলোচনার মূল বিষয় হলো, হেগসেথকে সরিয়ে অন্য কাউকে সেই দায়িত্বে স্থলাভিষিক্ত করা সমীচীন হবে কি না। বিষয়টি সম্পর্কে অবগত একাধিক সূত্রের বরাত দিয়ে সিবিএস নিউজ জানায়, প্রতিরক্ষামন্ত্রী হেগসেথকে সরিয়ে অন্য কাউকে দায়িত্ব দেওয়া যায় কি না, তা নিয়ে উপদেষ্টাদের কাছে জানতে চাইছেন ট্রাম্প।
নির্বাচনী বিপর্যয়ের পর হোয়াইট হাউসের কর্মকর্তাদের মধ্যে এক ধরনের শঙ্কা তৈরি হয়েছে যে, এর দায়ভার সামরিক বাহিনীর শীর্ষ নেতাদের ওপরও পড়তে পারে। বিশেষ করে ইরান যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে পরামর্শ ও দিকনির্দেশনার বিষয়ে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন কঠোর সমালোচনার মুখে পড়তে পারেন বলে মনে করা হচ্ছে।
প্রতিরক্ষামন্ত্রীর সম্ভাব্য উত্তরসূরি হিসেবে আলোচনায় এসেছে ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিসের নাম। সংশ্লিষ্টরা মনে করছেন, গভর্নর হিসেবে ডিস্যান্টিসের মেয়াদ আগামী ৫ জানুয়ারি শেষ হওয়ার আগেই মার্কিন সিনেট থেকে তার নিয়োগের অনুমোদন পাওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
এদিকে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বুধবার প্রেসিডেন্ট ট্রাম্প নিজে বিষয়টি নাকচ করে দিয়েছেন। সাংবাদিকদের সামনে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, হেগসেথ বর্তমানে অত্যন্ত চমৎকার কাজ করছেন। এছাড়া হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলিও প্রেসিডেন্টের পক্ষ থেকে বিষয়টি স্পষ্ট করেছেন। তিনি জোর দিয়ে বলেন, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের ওপর প্রেসিডেন্টের পূর্ণ আস্থা রয়েছে এবং বর্তমান পরিস্থিতিতে কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।
























