ওয়াশিংটনে কাতার-যুক্তরাষ্ট্র অষ্টম কৌশলগত সংলাপে নতুন দুই চুক্তি
সোমবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে অনুষ্ঠিত হলো অষ্টম কাতার-যুক্তরাষ্ট্র কৌশলগত সংলাপ। এই গুরুত্বপূর্ণ আয়োজনে যৌথভাবে সভাপতিত্ব করেছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জসিম আল থানি এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। দুই দেশের পারস্পরিক সম্পর্ক এবং কৌশলগত অংশীদারিত্বকে আরও উচ্চপর্যায়ে নিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে এই অধিবেশনটি সাজানো হয়েছিল।
সংলাপের মূল আলোচনার বিষয়বস্তু ছিল রাজনীতি, অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ ও সংস্কৃতি। সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনের অংশ হিসেবে বৈঠকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির জন্য ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাকসেলারেশন পার্টনারশিপ’ এবং খনিজ আহরণ ও প্রক্রিয়াকরণ নিয়ে ‘ক্রিটিক্যাল মিনারেলস প্রসেসিং’ বিষয়ক দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এছাড়া প্রতিরক্ষা অংশীদারিত্ব, সমুদ্রপথে অবাধ নৌচলাচল নিশ্চিত করা, আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা এবং আন্তর্জাতিক বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার সুযোগ নিয়ে বিশদ মতবিনিময় করেছেন উভয় পক্ষ।
মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির ওপর বিশেষ গুরুত্বারোপ করে সংলাপে উত্তেজনা প্রশমনের উপায় এবং দীর্ঘমেয়াদী আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে কূটনৈতিক প্রচেষ্টার সমন্বয় নিয়ে আলোচনা করা হয়। লাতিন আমেরিকার দেশগুলোতে যৌথভাবে কাজের নতুন সম্ভাবনা নিয়েও দুই নেতা আগ্রহ প্রকাশ করেছেন। পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে দুই দেশ।
উক্ত সংলাপে কাতারের প্রতিনিধিদলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. মোহাম্মদ বিন আবদুল আজিজ আল খুলাইফি, বৈদেশিক বাণিজ্যবিষয়ক প্রতিমন্ত্রী ড. আহমেদ বিন মোহাম্মদ আল সাইয়্যেদ, যুক্তরাষ্ট্রে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত শেখ মেশাল বিন হামাদ আল থানি, প্রধানমন্ত্রীর কৌশলগত উপদেষ্টা আলি বিন আবদুল্লাহ আল থাওয়াদি, ড. খালিদ বিন ফাহাদ আল খাতের, আবদুল্লাহ বিন ঈদ আল সুলাইতি, সারা আবদুল্লাহ আল সাদি, ড. হামাদ বিন মোহাম্মদ আল মুফতাহ এবং শেখ আহমেদ বিন মোহাম্মদ আল থানি উপস্থিত ছিলেন।
মার্কিন প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন পররাষ্ট্র দপ্তরের কাউন্সেলর ড্যান হলার, চিফ অব স্টাফ ম্যাট রোডস, মুখপাত্র টমাস পিগট, সহকারী পররাষ্ট্রমন্ত্রী ফ্লিট হোয়াইট ও ডোনাল্ড ব্লোম, উত্তর আফ্রিকা ও আরব উপদ্বীপ বিষয়ক উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী কাইল লিস্টন এবং কাতারে নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ক্রিস্টোফার হজেস।

























