ঈশ্বরদীতে দুপক্ষের গোলাগুলি: আহত ৫ জন হাসপাতালে
পাবনার ঈশ্বরদীতে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনায় অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। ২৩ নভেম্বর (সোমবার) সন্ধ্যায় উপজেলার সাঁড়া ইউনিয়নের মাজদিয়া এলাকায় এই সহিংসতার ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ৫ জন গুলিবিদ্ধ হয়েছে। এতে গুলিবিদ্ধসহ কয়েকজন আহত হন। এ সময় অতর্কিত হামলা চালিয়ে গুলি ছোড়েন কয়েকজন দুর্বৃত্ত।
গুলির ঘটনায় আহতরা হলেন- পূর্ব টেংরি এলাকার মিজান খাঁ, শেরশাহ রোডের রিফাত হোসেন, ঈদগাহ রোডের রিশাদ হোসেন, শেখপাড়ার রবিউল এবং তছেরপাড়ার মহিদুল ইসলাম। ঘটনার পরপরই তাদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
পাবনার পুলিশ সুপার (এসপি) আবু আশ্রাফ জানান, ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু এবং নদীপথের কাকন বাহিনীর মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছিল। তবে স্থানীয় সূত্রে জানা যায়, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে পিন্টুর সমর্থকরা ওইদিন সন্ধ্যায় মাজদিয়া এলাকায় বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে।

























