পাবিপ্রবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে আহত দুই, হল সভাপতি ছুরিকাহত
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) হলের সিট দখলকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে দীর্ঘক্ষণ ধরে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (২৩ নভেম্বর) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের জুলাই-৬ হলের ৭১৭ নম্বর কক্ষ থেকে এই উত্তেজনার সূত্রপাত হয়, যা পরবর্তীতে হলের নিচতলায় ছড়িয়ে পড়ে। সংঘর্ষে জুলাই-৬ হল শাখা ছাত্রদলের সভাপতি মো. ইমরান হোসেন পেটে ছুরিকাঘাতের শিকার হয়েছেন এবং শুভ ব্রহ্মচারী নামে আরেক শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের উভয়কেই উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। একপর্যায়ে ধাক্কাধাক্কি ও মারামারি ছড়িয়ে পড়ে এবং ছুরিকাঘাতের ঘটনা ঘটলে উত্তেজনা আরও বাড়ে। ।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মুজাহিদ হোসেন ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলামের অনুসারী কর্মীদের মধ্যে এই মারামারি ঘটে। জানা গেছে, সমাজকর্ম বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. নাঈম হোসেন আগে ৭১৭ নম্বর কক্ষে থাকতেন। তিনি অন্য কক্ষে চলে যাওয়ার পর সেখানে একজন জুনিয়র শিক্ষার্থীকে সিট বুঝিয়ে দেন। এ নিয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক রুমেল হোসেন আপত্তি জানান এবং জোরপূর্বক নিজের অনুসারী এক শিক্ষার্থীকে সেখানে তোলার চেষ্টা করলে বিরোধের সৃষ্টি হয়। পরে তিনি ডাবল বেডের অন্য একটি কক্ষে স্থানান্তরিত হলে আগের সিটে সমাজকর্ম বিভাগের এক জুনিয়র শিক্ষার্থীকে তুলে দেন।
একপর্যায়ে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতি শুরু হয়।
অভিযোগ রয়েছে, সাধারণ সম্পাদকপন্থী তুর মোহাম্মদ মুবতাসিমকে সভাপতি গ্রুপের নেতাকর্মীরা আঘাত করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। উত্তেজনার এক পর্যায়ে সভাপতি গ্রুপের কয়েকজন নেতাকর্মী জুলাই-৬ হলের গেস্ট রুমে আশ্রয় নিলে সাধারণ সম্পাদকপন্থী কর্মীরা দরজা ভাঙার চেষ্টা করেন। এসময় তারা জানালা দিয়ে পেছনের দিক থেকে পালিয়ে যান। সাধারণ সম্পাদক তরিকুল ইসলামের অনুসারীদের দাবি, গেস্ট রুমে অবস্থানকারী ওই নেতাদের কাছে অবৈধ অস্ত্র ছিল এবং প্রশাসনের সহায়তায় তাদের ধরার চেষ্টা করা হয়েছিল। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উভয়পক্ষের নেতাকর্মীরা হলের নিচতলায় জড়ো হন এবং একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। হল প্রশাসনকে সঙ্গে নিয়ে তাদের অস্ত্রসহ আটক করার চেষ্টা করা হলে তারা জানালা ভেঙে পালিয়ে যান।
ঘটনার বিষয়ে সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম দাবি করেন, এটি সভাপতি গ্রুপের দুই পক্ষের মধ্যকার মারামারি। তার গ্রুপের ওপর দোষ চাপিয়ে তারা নিজেদের দায় এড়ানোর চেষ্টা করছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মুজাহিদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।
জুলাই-৬ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামরুজ্জামান সোমবার গভীর রাতে জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। আহতদের হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের জন্য কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করেছে। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম নিশ্চিত করেছেন যে হলের সিট বণ্টন কেন্দ্রিক বিরোধ থেকেই এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বর্তমানে শিক্ষার্থীদের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে যাতে ক্যাম্পাসের পরিবেশ শান্ত থাকে। কী কারণে এ ঘটনা ঘটেছে, তা তদন্তের পর বলা যাবে এবং তদন্ত কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

























