অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোবিপ্রবি’র সব ক্লাস ও পরীক্ষা
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) সকল ক্লাস ও পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি এবং শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে কর্তৃপক্ষ এই জরুরি সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের পক্ষ থেকে শুক্রবার ২০ নভেম্বর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও রিজেন্ট বোর্ডের সচিব মো. মোরাদ হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়। শুক্রবার (২০ নভেম্বর) গণমাধ্যম কর্মীদের কাছে এ পত্র প্রেরণ করে বিশ্ববিদ্যালয় জনসংযোগ বিভাগ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৭ নভেম্বর মঙ্গলবার রাতে অনুষ্ঠিত রিজেন্ট বোর্ডের ষষ্ঠ জরুরি সভায় ১৮ ও ১৯ নভেম্বর শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই ধারাবাহিকতা বজায় রেখে এবং উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আগামী ২২ নভেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্লাস ও পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ, দপ্তর এবং প্রশাসনিক কর্মকর্তাদের এই সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। তবে শিক্ষা কার্যক্রম পুনরায় কবে শুরু হতে পারে, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে কোনো তথ্য জানানো হয়নি।























