নাশকতা রুখতে জুমার খুতবায় সচেতনতা বাড়ানোর আহ্বান ধর্মমন্ত্রীর
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সংশ্লিষ্টদের সম্ভাব্য নাশকতা প্রতিহত করা এবং দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে জুমার খুতবায় জনসচেতনতা তৈরির আহ্বান জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এক বিবৃতিতে তিনি মসজিদের ইমাম ও খতিবদের প্রতি এই বিশেষ অনুরোধ জানান।
ধর্মমন্ত্রী বলেন, রাষ্ট্রের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ জনগণ, ধর্মীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অরাজনৈতিক সম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের সুরক্ষায় ইমাম ও খতিবদের জুমার খুতবায় শান্তি বজায় রাখা, নাশকতা পরিহার করা এবং সন্দেহজনক যেকোনো তৎপরতা সম্পর্কে মানুষকে সচেতন করার আহ্বান জানান তিনি।
মন্ত্রী আরও বলেন, সাধারণ মানুষ যদি কোথাও কোনো ধরনের নাশকতা বা সন্দেহজনক কর্মকাণ্ড লক্ষ্য করেন, তবে যেন দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেন। জননিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে দেশের ধর্মীয় নেতৃত্বসহ সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত ও দায়িত্বশীল ভূমিকা পালনের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
























