রূপপুর বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের সপ্তম চালান
রাশিয়া থেকে আমদানিকৃত পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের সপ্তম চালানটি কঠোর নিরাপত্তার বলয় পেরিয়ে পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প এলাকায় এসে পৌঁছেছে। শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৬টা ২৪ মিনিটে সেনাবাহিনীর তত্ত্বাবধানে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া পাহারায় তিনটি বিশেষায়িত লরিতে করে এই চালান প্রকল্প এলাকায় আনা হয়। এর মাধ্যমে প্রকল্পের প্রথম ইউনিটের জন্য একটি এবং দ্বিতীয় ইউনিটের জন্য ছয়টিসহ মোট সাতটি চালানের জ্বালানি প্রকল্প এলাকায় পৌঁছাল।
রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের পরিকল্পনা অনুযায়ী, দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গো বিমানে ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি এবং প্রথম ইউনিটের জ্বালানি পুনর্ব্যবহারের জন্য আরও ৪৮টি অ্যাসেম্বলি আনার প্রক্রিয়া চলছে। সব মিলিয়ে মোট নয়টি চালানে রূপপুরের জন্য প্রয়োজনীয় জ্বালানি বাংলাদেশে পৌঁছাবে। উল্লেখ্য, রাশিয়ার প্রযুক্তি ভিভিইআর-১২০০ মডেলের ওপর ভিত্তি করে তৈরি এই বিদ্যুৎকেন্দ্রের প্রতিটি ইউনিটের উৎপাদন সক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। রাশিয়ার প্রযুক্তিতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভিভিইআর-১২০০ মডেলের দুটি ইউনিট রয়েছে।
গত ১৭ নভেম্বর প্রথম ইউনিটের পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন ও জাতীয় গ্রিডের সাথে সফলভাবে সিনক্রোনাইজেশন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম জানান, ওইদিন বিকেল ৩টা ১৬ মিনিটে গ্রিডের সঙ্গে যুক্ত হয়ে কেন্দ্রটি সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছে। এই অর্জনকে দেশের জন্য এক ঐতিহাসিক মাইলফলক হিসেবে অভিহিত করে তিনি বলেন, এর ফলে বাংলাদেশ বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তিধর দেশের মর্যাদা অর্জন করেছে। এর মধ্যে প্রথম ইউনিট থেকে গত ১৭ নভেম্বর পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। এ সময় কেন্দ্রটিতে সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়।
মন্ত্রী জানান, কারিগরি পরীক্ষার পরবর্তী ধাপ হিসেবে কেন্দ্রটিকে আপাতত গ্রিড থেকে বিচ্ছিন্ন রাখা হবে। প্রায় ২৮ ঘণ্টা বিরতির পর আবারও চার থেকে ছয় ঘণ্টার জন্য গ্রিডে যুক্ত করে প্রয়োজনীয় পরীক্ষা চালানো হবে। রাশিয়ান ঠিকাদারের সঙ্গে চুক্তি অনুযায়ী ১০ মাসের ট্রায়াল অপারেশন শেষে প্রথম ইউনিট থেকে ধাপে ধাপে বাণিজ্যিক বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। ট্রায়াল শেষে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন প্রভিশনাল টেকওভারের মাধ্যমে এর দায়িত্ব গ্রহণ করবে এবং নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল) এর অপারেটিং অর্গানাইজেশন হিসেবে কার্যক্রম পরিচালনা করবে।

























