সিঙ্গাপুরে ১৪ বছরের পরিশ্রমে কুমিল্লায় স্বপ্নের বাড়ি, নিয়োগকর্তাকে নিয়ে ভ্রমণ
সিঙ্গাপুরের নির্মাণ শিল্পে নিয়োজিত হাজারো অভিবাসী শ্রমিকের কঠোর পরিশ্রমের আড়ালে লুকিয়ে থাকে উন্নত ভবিষ্যতের স্বপ্ন। দীর্ঘ সময় পরিবারের সান্নিধ্য থেকে দূরে থেকে কাজ করার পর, কুমিল্লার বাসিন্দা সুমন সেই স্বপ্নের বাস্তব রূপ দিয়েছেন। টানা ১৪ বছর সিঙ্গাপুরে কাজ করার পর নিজের জমানো সঞ্চয় থেকে প্রায় ২ লাখ ৫০ হাজার ডলার ব্যয়ে তিনি দেশে নির্মাণ করেছেন তিনতলা এক দৃষ্টিনন্দন বাড়ি। ‘হোসেন ভিলা’ নামের এই বাড়িটি বর্তমানে কেবল তার পারিবারিক আবাসই নয়, বরং দীর্ঘ প্রবাস জীবনের ত্যাগ ও অদম্য ইচ্ছাশক্তির এক অনন্য স্মারক হয়ে দাঁড়িয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আল আমিন গ্রামীণ ব্লগ’-এর একটি ভিডিওতে সুমনের এই বাড়ির গল্প উঠে এলে তা ব্যাপক সাড়া ফেলে। ভিডিওটি এখন পর্যন্ত ৪৬ লাখের বেশিবার দেখা হয়েছে এবং এতে ১ লাখ ৬০ হাজারের বেশি লাইক পড়েছে। প্রায় ২ হাজার ৫০০ বর্গফুট আয়তনের এই বাড়িটিতে রয়েছে প্রশস্ত আঙিনা, দৃষ্টিনন্দন প্যাঁচানো সিঁড়ি এবং পাঁচটি শয়নকক্ষ। সুমনের নান্দনিকতার পরিচয় পাওয়া যায় বাড়ির প্রবেশপথে—যেখানে তিনি বাংলাদেশ ও সিঙ্গাপুরের পতাকা স্থাপন করেছেন। তার ভাষ্যমতে, যে দেশটি তার দীর্ঘ কর্মজীবনের সাক্ষী, সেই দেশের প্রতি শ্রদ্ধা জানাতেই এই উদ্যোগ। সিঙ্গাপুরের অভ্যন্তরীণ সাজসজ্জা বা ইন্টেরিয়র প্রকল্পে কাজের অভিজ্ঞতাই তাকে নিজের বাড়ির নকশা ও অন্দরসজ্জায় সহায়তা করেছে।
কৃতজ্ঞতার নিদর্শন হিসেবে সুমন তার সিঙ্গাপুরের নিয়োগকর্তাকে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছিলেন। সম্প্রতি নিয়োগকর্তা সেই আমন্ত্রণ গ্রহণ করে বাড়িটি পরিদর্শন করেন। এই পরিদর্শনের সময় সুমনের নিয়োগকর্তা তার এমন অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং অভিনন্দন জানান। দীর্ঘ বছরের লক্ষ্যপূরণ হতে দেখে তিনিও অত্যন্ত আনন্দিত হয়েছেন বলে মন্তব্য করেন। পাশাপাশি, সুমনকে এলাকার অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানোর পরামর্শও দিয়েছেন তিনি। নাম প্রকাশে অনিচ্ছুক সেই নিয়োগকর্তা মনে করেন, এমন একটি বাড়ি নির্মাণ সুমনের পরিবারের জন্য একটি বড় নিরাপত্তা ও গর্বের বিষয়। সুমন জানিয়েছেন, এখনো তিনি সিঙ্গাপুরে কর্মরত আছেন।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি দেখার পর নেটিজেনরা সুমনের রুচিবোধ ও কঠোর পরিশ্রমের ভূয়সী প্রশংসা করছেন। অনেকেই মন্তব্য করেছেন যে, এই বাড়িটি কেবল ইট-পাথরের স্থাপনা নয়, এটি একজন শ্রমিকের ত্যাগের এক সফল দৃষ্টান্ত। প্রবাসীদের কঠোর পরিশ্রমের বিনিময়ে গড়ে তোলা এমন সব বাড়িই অনেকের জন্য অনুপ্রেরণা হয়ে থাকে। সুমনের এই সাফল্যের গল্প দেশের ও বিদেশের অসংখ্য কর্মঠ মানুষকে নতুন করে স্বপ্ন দেখানোর সাহস জোগাচ্ছে।
























