শাহজালাল তৃতীয় টার্মিনাল পরিচালনায় চূড়ান্ত সিদ্ধান্ত আজ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল প্রতীক্ষিত তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব ও জাপানি কনসোর্টিয়ামের দেওয়া বিভিন্ন শর্তাবলি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে আজ মঙ্গলবার (১০ নভেম্বর) বৈঠকে বসছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। পরিচালনা পর্ষদের এই সভায় প্রস্তাবিত শর্তগুলো বিস্তারিত পর্যালোচনার পর অনুমোদনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। সভার কার্যবিবরণী পরবর্তী চূড়ান্ত অনুমোদনের জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বেবিচকের সদস্য (প্রশাসন) এসএম লাবলুর রহমান জানান, আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে তৃতীয় টার্মিনালটি আংশিক বা সীমিত পরিসরে চালুর লক্ষ্যমাত্রা নিয়ে কর্তৃপক্ষ কাজ চালিয়ে যাচ্ছে। জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে চূড়ান্ত চুক্তির আগে টার্মিনাল পরিচালনা ও রাজস্ব ভাগাভাগি সংক্রান্ত স্পর্শকাতর বিষয়গুলো পুনরায় যাচাই-বাছাই করা হচ্ছে। বিষয়টি নিয়ে সংসদীয় কমিটি এবং বিভিন্ন মহলে আপত্তি থাকায় শর্তাবলি নিয়ে সতর্ক অবস্থান নিয়েছে সরকার। বিশেষ করে জাতীয় স্বার্থ, রাজস্ব ভাগাভাগি, বিমান চলাচল খাতের দীর্ঘমেয়াদি সক্ষমতা এবং রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের স্বার্থ কতটা সুরক্ষিত থাকবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
টার্মিনাল পরিচালনার পাশাপাশি গ্রাউন্ড হ্যান্ডলিং সেবার বিষয়টিও বর্তমানে আলোচনার কেন্দ্রে রয়েছে। শাহজালাল বিমানবন্দরের প্রথম ও দ্বিতীয় টার্মিনালে দীর্ঘদিন ধরে বিমান বাংলাদেশ এয়ারলাইনস এককভাবে এই সেবা দিয়ে আসছে। তবে লাগেজ ডেলিভারিতে বিলম্ব, মালামাল হারানো এবং আধুনিক যন্ত্রপাতির অভাবে সেবার মান নিয়ে নিয়মিত অভিযোগ থাকায়, নতুন টার্মিনালে আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করতে বিদেশি অভিজ্ঞ প্রতিষ্ঠানের অংশগ্রহণের উদ্যোগ নিয়েছে সরকার।
এরই ধারাবাহিকতায় জাপানি কনসোর্টিয়াম চারটি বিদেশি প্রতিষ্ঠানের নাম প্রস্তাব করেছে। এগুলোর মধ্যে রয়েছে সুইজারল্যান্ডের সুইসপোর্ট, তুরস্কের সেলেবি এভিয়েশন হোল্ডিং, সংযুক্ত আরব আমিরাতের ডানাটা এবং যুক্তরাজ্যের মেনজিস এভিয়েশন। এসব প্রতিষ্ঠানের মধ্যে কোনটিকে দায়িত্ব দেওয়া হবে তা নিয়ে বেবিচকের পর্ষদ সভায় আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা দেওয়ার অধিকার ধরে রাখতে তৎপর বিমান বাংলাদেশ এয়ারলাইনস। গত ২৮ অক্টোবর বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাইজার সোহেল আহমেদ বেবিচক চেয়ারম্যান বরাবর পাঠানো চিঠিতে গ্রাউন্ড হ্যান্ডলিং সার্ভিস প্রোভাইডার লাইসেন্সের আওতাভুক্তিতে তৃতীয় টার্মিনালকে অন্তর্ভুক্ত করার আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছেন। আগামী ১৬ ডিসেম্বর থেকেই বিমান নতুন টার্মিনালে এ ধরনের সেবা দেওয়ার প্রস্তুতি গ্রহণ করছে। এ লক্ষ্যে সংস্থাটি বেবিচকের কাছে আনুষ্ঠানিকভাবে গ্রাউন্ড হ্যান্ডলিং সার্ভিস প্রোভাইডার লাইসেন্সের কার্যপরিধি সম্প্রসারণের আবেদন করেছে।
























