নারায়ণগঞ্জে পোশাক কারখানার ছয়তলা থেকে পড়ে কর্মচারীর মৃত্যু
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডে অবস্থিত সোয়াদ গার্মেন্টস ইন্ডাস্ট্রিয়াল লিমিটেড কারখানায় এক কর্মচারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কারখানার ছয়তলা ভবন থেকে নিচে পড়ে যান মো. আবুল হোসেন গাজী (২৮)। তিনি কারখানাটিতে জুনিয়র অপারেটর (ড্রাই প্রসেস) হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি চাঁদপুর সদর উপজেলার রংয়ের গাও এলাকায় এবং তিনি সিদ্ধিরগঞ্জের ৬ নম্বর ওয়ার্ডের আইলপাড়া এলাকায় বসবাস করতেন।
ঘটনার পরপরই সহকর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে বেপজা হাসপাতালে নিয়ে যান। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টা ৫০ মিনিটে তার মৃত্যু হয়। বর্তমানে তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং শাহবাগ থানা পুলিশ সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করেছে।
সহকর্মীদের অনেকের ধারণা, পারিবারিক কোনো সমস্যার কারণে তিনি ভবন থেকে লাফ দিয়েছেন। তবে মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত নয়। সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, শাহবাগ থানা পুলিশের মাধ্যমে তারা বিষয়টি অবগত হয়েছেন। বর্তমানে ময়নাতদন্তসহ আইনগত প্রক্রিয়া চলছে এবং তদন্ত সাপেক্ষে ঘটনার আসল কারণ জানা যাবে।


























