হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ইরানের দুই দিনের সময়সীমা
হরমুজ প্রণালি পুনরায় সচল করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রকে দুই দিনের একটি সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছে ইরান। কাতারের মধ্যস্থতায় তৈরি এই পরিকল্পনা অনুযায়ী, নির্দিষ্ট শর্ত মেনে নেওয়া হলে দ্বিতীয় দিন থেকেই ওই এলাকায় নৌ চলাচল স্বাভাবিক হবে বলে জানিয়েছে তেহরান। তবে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই সময়সীমার মধ্যে শর্ত পূরণ না করে নতুন কোনো হামলা চালানো হলে ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে।
গত সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ইরান সাত দিনের একটি পরিকল্পনা ঘোষণা করেছিল, যার ভিত্তিতেই এই নতুন প্রস্তাবটি সাজানো হয়েছে। গত মাসে আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে আরাগচি জানান, কাতারভিত্তিক মধ্যস্থতাকারীদের সাথে আলোচনার পরই এটি চূড়ান্ত করা হয়েছে। প্রস্তাবের প্রথম দিনে যুক্তরাষ্ট্রকে বেশ কিছু নির্দিষ্ট পদক্ষেপ নিতে হবে, যার বিনিময়ে দ্বিতীয় দিনে হরমুজ প্রণালির পথ খুলে দেওয়া হবে।
ইরানের দাবিগুলোর মধ্যে রয়েছে—ইসলামাবাদ সমঝোতা অকার্যকর হওয়ার পর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার, মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি হ্রাস এবং তেহরানের তেল রপ্তানিতে পূর্বের ছাড় পুনর্বহাল। এছাড়াও কাতারসহ বিভিন্ন দেশে আটকে থাকা ইরানের জব্দকৃত অর্থ মুক্তি, হরমুজ প্রণালিতে ওমানের সাথে নির্ধারিত নতুন নৌপথের স্বীকৃতি এবং অন্যান্য নৌপথ বন্ধের দাবিও রয়েছে তালিকায়।
আরাগচি গুরুত্বের সঙ্গে উল্লেখ করেন যে, এই সমাধান কেবল হরমুজ প্রণালির জন্যই নয়, বরং সব রণাঙ্গনে যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতিও অন্তর্ভুক্ত। বিশেষ করে লেবাননে চলমান ইসরাইলি হামলা পুরোপুরি বন্ধের দাবি জানিয়েছেন তিনি। তবে এখন পর্যন্ত ইরানের এই নতুন প্রস্তাব ও শর্তাবলি নিয়ে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেনি।
























