কাতারে ‘আল-উতরুজা ওয়াকফ’-এর অধীনে কোরআন শিখছে ৩৪ হাজারের বেশি শিক্ষার্থী
কাতারের আওকাফ ও ইসলামিক বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত ‘আল-উতরুজা ওয়াকফ’ (Al-Utruja Endowment)-এর সহায়তায় বর্তমানে দেশটির বিভিন্ন কোরআন শিক্ষাকেন্দ্র ও বিদ্যালয়ে ৩৪ হাজারের বেশি শিক্ষার্থী পড়াশোনা করছে। দীর্ঘমেয়াদি ও টেকসই ওয়াকফ ব্যবস্থার মাধ্যমে দেশজুড়ে দ্বীনি শিক্ষার প্রসারে প্রকল্পটি অনন্য ভূমিকা রেখে চলেছে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আওকাফ অধিদপ্তরের আওতায় বর্তমানে ১৭৬টি কেন্দ্র ও কোরআন শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে। এসব প্রতিষ্ঠানে দেড় হাজারের বেশি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকা নিয়মিত পাঠদান করছেন। দীর্ঘমেয়াদে অর্থায়ন নিশ্চিত করার মাধ্যমে কোরআন শিক্ষার স্থায়ী পরিধি বাড়াতে এই উদ্যোগ কার্যকর প্রভাব ফেলছে।
প্রকল্পের বিষয়ে আওকাফ মন্ত্রণালয়ের ধর্মপ্রচারক ড. মাসউদ জারাল্লাহ আবু শুরাইদা জানান, আল-উতরুজা ওয়াকফ এমন একটি মডেল, যেখানে ওয়াকফকৃত সম্পদ বৃদ্ধির পাশাপাশি তার আয় সরাসরি কোরআনের সেবায় ব্যয় করা হয়। এই ওয়াকফের অর্থায়নে নির্মিত ১১২টি অ্যাপার্টমেন্টের একটি আধুনিক আবাসন প্রকল্প ২০২২ সালে চালু করা হয়। ওই আবাসন থেকে প্রাপ্ত মাসিক আয় কোরআন শিক্ষাকেন্দ্রগুলোর নিয়মিত পরিচালনা খরচে ব্যবহার করা হচ্ছে। তিনি জানান, এই ওয়াকফের নিজস্ব অর্থায়নে নির্মিত ১১২টি অ্যাপার্টমেন্ট বিশিষ্ট একটি আধুনিক আবাসন প্রকল্প ২০২২ সালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
এই শিক্ষা কার্যক্রমে নারীদের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানান ড. আবু শুরাইদা। বর্তমান পরিসংখ্যান অনুযায়ী, আল-উতরুজার কেন্দ্রগুলোতে ৯ হাজার ১৩১ জন নারী শিক্ষার্থী রয়েছে। তিনি উল্লেখ করেন, নারীদের এই অংশগ্রহণ আদর্শ পরিবার গঠন এবং সমাজে ইসলামিক মূল্যবোধ ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় বিশেষ অবদান রাখছে।
প্রকল্পে সাধারণ নাগরিক ও প্রবাসীদের অংশগ্রহণের সুযোগ উন্মুক্ত রাখা হয়েছে। যে কেউ ১ হাজার কাতারি রিয়াল (QR) কিংবা নিজের সামর্থ্য অনুযায়ী অনুদান দিয়ে এই কল্যাণমূলক কাজে শরিক হতে পারেন। কার্যক্রম আরও সহজ করতে আওকাফ অধিদপ্তর ওয়েবসাইট ও অ্যাপে নতুন সেবা যুক্ত করেছে, যার মাধ্যমে খালি থাকা ওয়াকফ সম্পত্তি ভাড়ার জন্য অনলাইনে আবেদন করা যাবে। পরিশেষে ড. আবু শুরাইদা সকল প্রতিষ্ঠাতা ও দাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সাধারণ নাগরিক ও প্রবাসীরা ১ হাজার কাতারি রিয়াল (QR) অথবা নিজ নিজ সামর্থ্য অনুযায়ী যেকোনো পরিমাণ অর্থ অনুদান দিয়ে এই কল্যাণমূলক কাজে অংশ নিতে পারেন। পাশাপাশি, এই ওয়াকফ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করেও যেকেউ এতে অবদান রাখতে পারেন।























