তুরস্কের ইস্পাত কারখানায় বয়লার বিস্ফোরণ, প্রাণহানি বেড়ে ১৭
তুরস্কের পশ্চিমাঞ্চলীয় বন্দরনগরী ইজমিরের আলিয়াগা এলাকায় একটি বড় ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় অন্তত ১৭ জন শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১২ জন। সোমবার (৯ নভেম্বর) দুপুরের দিকে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। দেশটির অন্যতম প্রধান এই ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম হাবাস ডেমির সেলিক কারখানা। স্থানীয়দের ভাষ্যমতে, বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে পুরো এলাকা কেঁপে ওঠে এবং অনেকের কাছে এটি ভূমিকম্প বলে মনে হয়েছিল।
কারখানা পরিচালনাকারী কর্তৃপক্ষের প্রাথমিক তথ্যমতে, একটি বৈদ্যুতিক আর্ক ফার্নেসে নিয়মিত রক্ষণাবেক্ষণকাজ চলছিল। এ সময় একটি নতুন বয়লার সরানোর জন্য ক্রেন ব্যবহার করা হচ্ছিল। হঠাৎ ক্রেনটি ভেঙে পড়লে এর সঙ্গে থাকা ভারী সরঞ্জাম সরাসরি নিচে থাকা উত্তপ্ত চুল্লিতে গিয়ে পড়ে, যার ফলে এই ভয়াবহ বিস্ফোরণটি ঘটে। ঘটনাস্থলের ভিডিও ফুটেজে কারখানার ভেতরে বিশাল অগ্নিকাণ্ড এবং আকাশে ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা গেছে।
প্রাথমিকভাবে নিহতের সংখ্যা ১৬ জন উল্লেখ করেছিলেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। পরবর্তীতে দেশটির স্বাস্থ্যমন্ত্রী কামাল মেমিশোগলু জানান, চিকিৎসাধীন থাকা গুরুতর আহত ব্যক্তিদের একজন মারা যাওয়ায় মৃতের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে। ইজমিরের গভর্নর সুলেইমান এলবান জানিয়েছেন, ধসে পড়া ধ্বংসস্তূপের নিচে আরও শ্রমিক আটকে থাকার আশঙ্কা রয়েছে। বর্তমানে সেখানে উদ্ধারকাজ জোরদার করা হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান প্রথমে নিহতের সংখ্যা ১৬ বলে জানিয়েছিলেন।
বিস্ফোরণের জেরে কারখানা কর্তৃপক্ষের অন্তত পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করা হয়েছে বলে তুর্কি সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে। আলিয়াগা এলাকাটি তুরস্কের গুরুত্বপূর্ণ বন্দর এবং জাহাজ ভাঙা শিল্পের অন্যতম কেন্দ্রস্থল হিসেবে পরিচিত। এদিকে, তুর্কিশ হেলথ অ্যান্ড সেফটি লেবার ওয়াচের পক্ষ থেকে জানানো হয়েছে যে, তুরস্কে শিল্পকারখানায় কর্মক্ষেত্রে নিরাপত্তা ঝুঁকি ও দুর্ঘটনা দীর্ঘদিনের একটি বড় সমস্যা। মন্ত্রিসভার বৈঠকের পর প্রেসিডেন্ট এরদোগান হতাহতের বিষয়টি নিশ্চিত করে যথাযথ তদন্তের আশ্বাস দিয়েছেন।























