প্রধানমন্ত্রী |: বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে সরকারদলীয় সংসদীয় দলের সভায় তিনি এ কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর প্রাক্কালে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী।
সভায় শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গ উঠলে তারেক রহমান স্পষ্ট করেন, দুই দেশের মধ্যকার প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রচলিত আইন ও বিধিবিধান মেনেই সরকার পরবর্তী পদক্ষেপ নেবে। দলীয় এমপিদের উদ্দেশে তিনি বলেন, এ বিষয়ে বক্তব্য স্পষ্ট। আমরা রাজপথে আছি এবং রাজপথেই সব ধরনের ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে।
উল্লেখ্য যে, এর আগে সোমবার রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, শেখ হাসিনার জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যুর অনুরোধ জানিয়ে তার আইনজীবী স্টিভেন পাওলস কেসি ভারতের নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে চিঠি পাঠিয়েছেন।
এই খবরের প্রেক্ষিতে সোমবার সরকারের দায়িত্বশীলরা প্রতিক্রিয়া জানান। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, আবেদন করা হয়েছে কি না—এমন তথ্যের সত্যতা যাচাই করা হচ্ছে। তিনি বলেন, শেখ হাসিনার এমন আবেদনের আইনগত ভিত্তি আছে কি না, তা আইন ও পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে পর্যালোচনা করছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এ প্রসঙ্গে আরও কঠোর অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, পলাতক অপরাধীদের ক্ষেত্রে সাধারণ পাসপোর্টের আবেদন কার্যকর হওয়ার সুযোগ নেই। বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ায় বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।
























