দেশ পুনর্গঠনে সরকার কাজ করছে: মুক্তিযুদ্ধমন্ত্রী
দেশকে পুনর্গঠন ও পুনর্নির্মাণে সরকার গণতন্ত্রের পথ ধরে কাজ শুরু করেছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। শনিবার (৭ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘরে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। মন্ত্রী অভিযোগ করেন, অতীতে যারা দেশের স্বাধীনতা ও গণতন্ত্র নিয়ে বারবার ছিনিমিনি খেলেছে, তারা এখনো থেমে নেই।
দেশের চলমান পরিস্থিতির দিকে ইঙ্গিত করে মন্ত্রী বলেন, নানা ধরনের ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালানো হচ্ছে। তিনি উদাহরণ হিসেবে তৈরি পোশাক খাতের সাম্প্রতিক অস্থিরতার কথা তুলে ধরেন। মন্ত্রী বলেন, দেশের গার্মেন্টস শিল্প ভালোভাবে চলছিল, কিন্তু এটি ধ্বংস করার উদ্দেশ্যে একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে ভাঙচুর ও অস্থিরতা সৃষ্টি করেছে।
আহমেদ আজম খান আশাবাদ ব্যক্ত করেন যে, বিশ্বের উন্নত দেশগুলোর কাতারে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে এবং দেশে একটি শক্তিশালী গণতান্ত্রিক কাঠামোসহ সমৃদ্ধ অর্থনীতি গড়ে উঠবে। ষড়যন্ত্রের মুখেও এ দেশের মানুষ অতীতে সব সময় ঐক্যবদ্ধ থেকে তা মোকাবিলা করেছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, গণতন্ত্র যখনই বাধাগ্রস্ত হয়েছে, তখন জনগণই এর পুনরুত্থানে বড় ভূমিকা পালন করেছে। আগামী দিনগুলোতে দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সব ধরনের বাধা ও ষড়যন্ত্র সাহসিকতার সঙ্গে অতিক্রম করার আহ্বান জানান তিনি। মন্ত্রী বলেন, ৭ নভেম্বরের শপথ হোক দেশকে সম্মিলিতভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার।

























