মুকসুদপুর থানায় নিরাপত্তা ঘটনায় ও উল্লাস করা সেই ছাত্রলীগ কর্মী আটক
গোপালগঞ্জের মুকসুদপুর থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত থাকার অভিযোগে জয়নাল মুন্সী ওরফে জিসান (২৮) নামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দিবাগত রাত দুইটার দিকে ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযশোরদী গ্রাম থেকে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। জয়নালের বাড়ি ওই গ্রামেই হলেও মুকসুদপুর উপজেলা সদরে তার একটি বসতবাড়ি রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, জয়নাল মুন্সী নগরকান্দার পুরাপাড়া গ্রামে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর অভিযোগে দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত আসামি। প্রায় এক মাস আগে তার বিরুদ্ধে ওই মামলাটি করা হয়েছিল। গ্রেফতারের পর তার মোবাইল ফোন তল্লাশি করে ১৯ নভেম্বর দুপুর ১২টার দিকে মুকসুদপুর থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সরাসরি সম্পৃক্ত থাকার প্রমাণ পাওয়া যায়। ওই ঘটনার ভিডিও ফেসবুকে আপলোড করে তিনি উল্লাস প্রকাশ করেছিলেন।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল সামদানি আজাদ বিষয়টি নিশ্চিত করে জানান, নগরকান্দা থানায় দায়ের করা মামলায় জয়নালকে গ্রেফতার দেখানো হয়েছে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত এই আসামিকে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

























