সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সাথে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে শনিবার সকালে সেনাসদরে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন বৈঠকে অংশ নেন। এসময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শামছুল ইসলাম উপস্থিত ছিলেন বলে জানান প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।
এর আগে কুর্মিটোলার শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ১৯৭১ সালের ২১ নভেম্বর পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সমন্বিত আক্রমণের সূচনা করা বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। এরপর তিন বাহিনীর প্রধানগণ নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে পৃথকভাবে শ্রদ্ধা জানান। সম্মিলিতভাবে দেশের প্রতিরক্ষা ও সার্বভৌমত্ব রক্ষার এই দিনটিকে প্রতিবছর যথাযথ মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালন করে আসছে বাংলাদেশ।
দিবসটি উপলক্ষে সেনানিবাস, নৌঘাঁটি এবং বিমান বাহিনীর ঘাঁটি সংলগ্ন মসজিদগুলোতে দেশের সমৃদ্ধি ও সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে।























