শ্রীপুরে বর্ণিল আয়োজনে পালিত হলো গারোদের ওয়ানগালা উৎসব
গাজীপুরের শ্রীপুরে দিনভর নানা উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে মান্দি বা গারো জনগোষ্ঠীর প্রধান সামাজিক ও ধর্মীয় উৎসব ‘ওয়ানগালা ২০২৬’ উদযাপিত হয়েছে। নতুন ফসল ঘরে তোলার আনন্দ ও সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের এই আয়োজনে নিজেদের স্বকীয় সংস্কৃতি, গান, কবিতা ও নৃত্যের ছন্দে মেতে ওঠেন গারো সম্প্রদায়ের মানুষ। শুক্রবার (২০ নভেম্বর) উপজেলার কেওয়াচালা গ্রামে আয়োজিত এই উৎসব সকাল থেকে শুরু হয়ে রাত পর্যন্ত চলে।
উৎসবের মূল ভেন্যু ছিল কেওয়াচালা ব্যাপ্টিস্ট চার্চ প্রাঙ্গণ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কেওয়াচালা ওয়ানগালা ২০২৬-এর নকমা ও শ্রীপুর উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সাগর সাংমা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য এস এম রফিকুল ইসলাম বাচ্চু। তিনি তার বক্তব্যে বলেন, ‘এই অঞ্চলে বসবাসকারী আদিবাসীদের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত গভীর। তাদের আমরা ভিন্ন কোনো সংস্কৃতির মনে করি না; বরং তারা আমাদেরই মানুষ। সবাইকে সঙ্গে নিয়ে আমরা সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চাই।’
উৎসবের উদ্বোধন করেন ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ও স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত অরণ্য ই. চিরান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদ ভূঞা। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কেওয়াচালা ব্যাপ্টিস্ট চার্চের পালক আনোয়ার হোসেন।
সকালে গারো সম্প্রদায়ের নিজস্ব রীতি ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতার শুরু হয়। এরপরই মঞ্চে মান্দি ভাষায় কবিতা আবৃত্তি, গান ও ঐতিহ্যবাহী নৃত্যের পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, জনপ্রতিনিধি ও গারো সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ উৎসবে অংশ নেন। কেওয়াচালাসহ গাজীপুরের বিভিন্ন এলাকার নৃগোষ্ঠীর মানুষের অংশগ্রহণে উৎসবস্থল এক মিলনমেলায় পরিণত হয়।























