সৌদির আকাশসীমাকে রণক্ষেত্র বানানোর হুমকি দিল ইয়েমেনের হুথিরা
ইয়েমেনের হুথি গোষ্ঠী আগামী কয়েক ঘণ্টার মধ্যে সৌদি আরবের আকাশসীমাকে ‘রণক্ষেত্র’ হিসেবে ব্যবহারের হুমকি দিয়েছে। একই সঙ্গে দেশটির প্রধান বন্দর, বিদ্যুৎকেন্দ্র এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সতর্কতা জারি করেছে তারা। হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, সৌদি আরবের লোহিত সাগর উপকূলের বন্দরগুলো থেকে শ্রমিক ও বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। এছাড়া বিমান চলাচলকারী সংস্থাগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলতে এবং জাহাজ কোম্পানিগুলোকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। তবে পবিত্র মক্কা ও মদিনার আকাশসীমাকে এই হুঁশিয়ারির আওতার বাইরে রাখা হয়েছে।
এর আগে শুক্রবার সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত হোদেইদা বন্দরে বিমান হামলা চালায়। জোটের দাবি, এই বন্দর দিয়ে অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাচার করা হচ্ছিল। তবে ইয়েমেনের তথ্যমন্ত্রী এই অভিযোগ প্রত্যাখ্যান করে দাবি করেছেন, বন্দরটি স্বাভাবিকভাবে সচল রয়েছে এবং পণ্য সরবরাহ প্রক্রিয়া অব্যাহত আছে। এর ঠিক এক দিন আগে রিয়াদের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) একটি ভবনে হুতি হামলায় ক্ষয়ক্ষতি হওয়ার পর থেকেই দুই পক্ষের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
জাজান প্রদেশে হামলার প্রস্তুতি হিসেবে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল, যা সৌদি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা প্রতিহত করেছে বলে জানিয়েছে জোট। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ শুয়াইক এলাকায় পড়েছে, যেখানে একটি বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি দিয়েছিল বিদ্রোহীরা। এদিকে, হুথিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা দমনে ইয়েমেনের রাজধানী সানায় বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে সৌদি জোট। এদিকে ইয়েমেনে স্থলযুদ্ধও তীব্র হচ্ছে। তবে মিত্রপক্ষগুলোর মধ্যে বিভক্তি শহরটির নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।
ইয়েমেনের অভ্যন্তরীণ যুদ্ধ এখন আরও তীব্র আকার ধারণ করেছে। হুথিরা আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বাহিনীকে হটিয়ে দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী এডেনের দিকে এগিয়ে আসছে। রয়টার্সের তথ্য অনুযায়ী, বিদ্রোহী গোষ্ঠীটি শহরের উত্তর দিক থেকে প্রায় ৮০ কিলোমিটার এবং পশ্চিম দিক থেকে ১১০ কিলোমিটার দূরত্বের মধ্যে পৌঁছে গেছে। এডেনের প্রতিরক্ষা জোরদারে পশ্চিমা সমর্থিত বাহিনীগুলো চেকপোস্ট ও পরিখা তৈরির কাজ করছে। ২০১৫ সাল থেকে সৌদি আরবের সামরিক হস্তক্ষেপের ফলে শুরু হওয়া এই সংঘাত গত জুলাই মাসে ইরানকে ঘিরে তৈরি হওয়া বৃহত্তর যুদ্ধের প্রেক্ষাপটে নতুন মাত্রা পেয়েছে। বর্তমানে সৌদি আরবের তেল ও বিমান অবকাঠামোতে একের পর এক হামলার দাবি করে আসছে হুথিরা, যা মানবিক সংকটের পাশাপাশি জ্বালানি ও আন্তর্জাতিক বিমান চলাচলের ক্ষেত্রে বড় ধরনের ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। ২০১৫ সালে ইয়েমেনের পশ্চিমা স্বীকৃত সরকারকে সমর্থন দিতে সামরিক হস্তক্ষেপ করে সৌদি আরব। ২০২২ সালে সংঘাত কিছুটা স্তিমিত হলেও চলতি বছরের জুলাইয়ে ইরানকে ঘিরে বৃহত্তর যুদ্ধের প্রেক্ষাপটে সীমান্ত সংঘর্ষ আবারো শুরু হয়। সংঘাতের বিস্তার একই সঙ্গে ইয়েমেনের ভয়াবহ মানবিক সংকটকে আরো গভীর করে তুলছে।
























