নড়াইলে দুর্বৃত্তের কোপে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা গুরুতর আহত
নড়াইলের লোহাগড়ায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম পলাশকে (৪৫) কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলার লক্ষ্মীপাশা টেলিফোন এক্সচেঞ্জ অফিসের সামনে এই হামলার ঘটনা ঘটে। আহত পলাশ নড়াইল জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং পৌরসভার গোপীনাথপুর গ্রামের মৃত নজির শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পলাশ মঙ্গলবার দুপুরে নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে লক্ষ্মীপাশা মারকাজুল মসজিদের দিকে যাচ্ছিলেন। পথে টেলিফোন এক্সচেঞ্জ অফিসের সামনে পৌঁছালে ৪-৫ জন দুর্বৃত্ত তার মোটরসাইকেলের গতিরোধ করে। এরপর তারা ধারালো দেশীয় অস্ত্রের মুখে তাকে এলোপাতাড়ি কুপিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা ও অবস্থার অবনতি হওয়ার পর তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে। হামলার বিষয়টি নিশ্চিত করে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আটকের জন্য পুলিশি অভিযান চলছে।

























