গাজীপুরে কাজে ফিরলেন শ্রমিকরা, স্বাভাবিক উৎপাদন কার্যক্রম
গাজীপুরের পোশাক কারখানাগুলোতে বুধবার (১৮ নভেম্বর) থেকে কর্মচঞ্চল পরিবেশ ফিরে এসেছে। আগের দিন মঙ্গলবার শ্রমিক বিক্ষোভের কারণে যে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছিল, বুধবার সেসব কারখানায় আবারও পুরোদমে উৎপাদন শুরু হয়েছে। এদিন সকাল থেকে শ্রমিকরা শান্তিপূর্ণভাবে নিজ নিজ কর্মস্থলে যোগ দিয়েছেন এবং শিল্পাঞ্চল এলাকাগুলো শান্ত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) শ্রমিক বিক্ষোভের মুখে ছুটি ঘোষণা করা অনেক কারখানা বুধবার (১৮ নভেম্বর) আবারও উৎপাদন শুরু করেছে।
এর আগে মঙ্গলবার দিনভর ভোগড়া বাইপাস, নাওজোড়, ভবানীপুর, গড়গড়িয়া মাস্টার বাড়ি, শিরিরচালাসহ বিভিন্ন এলাকায় শ্রমিকরা কাজে যোগ না দিয়ে মহাসড়ক অবরোধ করে ব্যাপক বিক্ষোভ করেন। বিক্ষোভের একপর্যায়ে শ্রমিকরা ১ নম্বর ও ২ নম্বর সিএনবি বাজার এবং আসপাডা মোড় এলাকায় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড ব্যবহার করে শ্রমিকদের ধাওয়া দিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয়, যার ফলে দীর্ঘ প্রায় পাঁচ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, বুধবার সকাল থেকেই কারখানাগুলোতে স্বাভাবিক কর্মপরিবেশ বিরাজ করছে এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শ্রমিকরা কোনো বিশৃঙ্খলা ছাড়াই কাজে ফিরেছেন বলে তিনি নিশ্চিত করেন।
শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক রাখতে এবং যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। পুলিশ সুপার জানান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশ ও শিল্প পুলিশের পাশাপাশি বিজিবি, র্যাব (এসআরবি) এবং আনসার সদস্যরা নিয়মিত টহলের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করছেন।

























