বগুড়ায় ১১ হাজার ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ মা ও ছেলে গ্রেপ্তার
বগুড়া সদর উপজেলার ফুলবাড়ি মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১১ হাজার ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার ভোরে একটি বসতবাড়ির অস্থায়ী মুরগির সেডে তল্লাশি চালিয়ে এই মাদক জব্দ করা হয়। এ সময় মাদক কারবারি কুলসুম বেগম (৩৮) ও তার ছেলে আব্দুল কাইযুম লামকে (১৯) গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) ভোরে বগুড়া সদর উপজেলার ফুলবাড়ি মধ্যপাড়া এলাকায় বসতবাড়িতে অভিযান চালিয়ে মাদক উদ্ধার ও তাদের গ্রেপ্তার করা হয়।
বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. আতোয়ার রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর পৌনে ৫টার দিকে ডিবি পুলিশের একটি দল লিটন শেখের বাড়িতে এই বিশেষ অভিযান পরিচালনা করে। মাদক উদ্ধারের পাশাপাশি মা ও ছেলেকে আটক করে থানায় নিয়ে আসা হয়। তবে অভিযানের সময় বাড়ির মালিক ও কুলসুমের স্বামী লিটন শেখ (৪২) কৌশলে পালিয়ে যান।
পুলিশ কর্মকর্তা আতোয়ার রহমান আরও জানান, গ্রেপ্তারকৃত মা ও ছেলের পাশাপাশি পলাতক লিটন শেখের বিরুদ্ধে বগুড়া সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে পলাতক লিটন শেখকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

























