পুলিশ বাহিনীর অন্দরেই সন্দেহ, নজরদারিতে আওয়ামী আমলের কর্মকর্তারা
পুলিশ বাহিনীর অভ্যন্তরেই কিছু সদস্যকে ঘিরে তৈরি হয়েছে গভীর সন্দেহ ও অবিশ্বাস। গোয়েন্দা তথ্যে উঠে এসেছে যে, এদের মধ্যে অনেকেই নিষিদ্ধ ঘোষিত দলের পলাতক নেতাদের সঙ্গে গোপনে যোগাযোগ রক্ষা করছেন। সরকারের অনুগত সেজে তারা স্পর্শকাতর ও গোপনীয় তথ্য পাচারের মতো কর্মকাণ্ডে লিপ্ত রয়েছেন বলে অভিযোগ রয়েছে। বিশেষ করে ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার ইস্যুকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করে তোলার ষড়যন্ত্রে এসব পুলিশ সদস্য ইন্ধন জোগাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে বেশ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে সরকারবিরোধী উস্কানি ও আওয়ামী লীগ কানেকশনের প্রমাণ মেলায় প্রশাসনের নীতিনির্ধারণী মহলে অস্বস্তি ছড়িয়েছে। এই পরিস্থিতির সর্বশেষ শিকার চট্টগ্রাম রেঞ্জের রেঞ্জ রিজার্ভ ফোর্সের এসপি জাহাঙ্গীর আলম। রাষ্ট্রদ্রোহের অভিযোগে তাকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তদন্তকারী সংস্থা ও পুলিশের দায়িত্বশীল সূত্রে জানা গেছে, বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে নিয়োগ পাওয়া বিভিন্ন স্তরের কর্মকর্তাদের নিয়ে গুরুতর সংশয় সৃষ্টি হয়েছে। তাদের মধ্যে অনেকেই তৎকালীন সরকারের সুবিধাভোগী ছিলেন। বর্তমান সরকারের অধীনে থেকেও তারা কৌশলে আগের মতোই সুবিধা নিচ্ছেন এবং বিএনপি সরকারের অনুগত হওয়ার অভিনয় করে গুরুত্বপূর্ণ সব পজিশনে আসীন হয়েছেন। তবে পর্দার আড়ালে তারা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। এতে বাহিনীর ভেতরে পারস্পরিক বিশ্বাসের সংকট তৈরি হয়েছে, যার ফলে নজরদারি ও গতিবিধি পর্যালোচনার আওতায় আনা হয়েছে সন্দেহভাজনদের। মূলত কনস্টেবল থেকে এএসপি পদমর্যাদার কর্মকর্তাদের কর্মকাণ্ড এখন গোয়েন্দাদের কড়া পর্যবেক্ষণে রয়েছে।
গোয়েন্দা সূত্রের দাবি, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার পরই পলাতক ও বিদেশে অবস্থানরত আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগকারী অনেক পুলিশ কর্মকর্তার মুখোশ উন্মোচিত হয়েছে। তাদের বিরুদ্ধে জ্বালাও-পোড়াও, ককটেল বিস্ফোরণসহ নাশকতামূলক কর্মকাণ্ডে উস্কানি দেওয়ার অভিযোগ রয়েছে। এমনকি পলাতক নেতাদের কাছ থেকে তহবিল সংগ্রহ করে মাঠ পর্যায়ের বিশৃঙ্খলা তৈরির পেছনেও এসব কর্মকর্তার ইন্ধন রয়েছে বলে তথ্য পাওয়া গেছে। তবে তাদের কৌশলী অবস্থানের কারণে অনেকের বিরুদ্ধেই সরাসরি তথ্যপ্রমাণ সংগ্রহ করা কঠিন হয়ে পড়ছে।
পরিসংখ্যান বলছে, বিগত ১৫ বছরে নিয়োগ পাওয়া প্রায় ২২ হাজার পুলিশ সদস্য এখন বিশেষ নজরদারিতে। এর মধ্যে প্রায় ১৭ হাজার কনস্টেবল এবং ৪ হাজার উপ-পরিদর্শক (এসআই) রয়েছেন। বিভিন্ন পর্যায়ের কয়েক হাজার পুলিশ সদস্যের বিরুদ্ধে অভ্যন্তরীণ তদন্ত পরিচালিত হচ্ছে। গত কিছুদিন আগে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে অডিও ফাঁস হওয়ার পর ঢাকা ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিবুল ইসলামকে প্রত্যাহার ও গ্রেপ্তার করা হয়। চট্টগ্রামের পুলিশ সুপার জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তারের পর থেকে নজরদারি কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
পুলিশের নীতিনির্ধারণী সূত্রগুলো জানিয়েছে, ইতোমধ্যে শনাক্ত হওয়া সন্দেহভাজনদের প্রতিটি গতিবিধি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে। যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের মোবাইল ফোন ফরেনসিক ও যাবতীয় তথ্য বিশ্লেষণ করে সরকারবিরোধী যোগাযোগের প্রমাণ মিলেছে। পাশাপাশি, নিয়োগের সময়কার যাবতীয় তথ্যপত্র বা টিকুজি যাচাই করে দেখা হচ্ছে, যারা রাজনীতির সঙ্গে সম্পৃক্ত পরিবার থেকে এসেছেন বা সুপারিশের মাধ্যমে চাকরিতে ঢুকেছেন।
গোয়েন্দা প্রতিবেদনের ভাষ্য অনুযায়ী, বিদেশে বসে আওয়ামী লীগের শীর্ষ নেতারা যে বিশৃঙ্খলা সৃষ্টির ছক কষছেন, তাকে মাঠ পর্যায় থেকে সহায়তা করছেন স্থানীয় পুলিশ কর্মকর্তারা। তাদের নেতৃত্বে রয়েছেন সেই আমলের দাপুটে সিনিয়র পুলিশ কর্মকর্তারা, যারা গণ-অভ্যুত্থানের পর আত্মগোপনে চলে গেছেন। সেখান থেকেও তারা অধীনস্থ কর্মকর্তাদের অস্থিরতা তৈরির জন্য নির্দেশনা দিচ্ছেন। এসব কর্মকর্তাকে চিহ্নিত করে তালিকাভুক্ত করা হয়েছে এবং তাদের আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে।


























