চায়ের দোকান থেকে শতকোটি টাকার মালিক হবিগঞ্জের রুবেল
হবিগঞ্জের শরীফপুর গ্রামের বাসিন্দা রুবেল মিয়া (৩৭) এখন স্থানীয়দের কাছে ‘ক্যাসিনো সম্রাট’ নামে পরিচিত। একসময় পরিবারসহ সাধারণ চায়ের দোকানে কাজ করে জীবিকা নির্বাহ করা এই ব্যক্তি কীভাবে রাতারাতি শতকোটি টাকার মালিক হলেন, তা নিয়ে এলাকায় চলছে তুমুল আলোচনা। অভিযোগ রয়েছে, অনলাইন জুয়ার বিশাল নেটওয়ার্ক গড়ে তুলে তিনি দেশে ও বিদেশে বিপুল সম্পদ অর্জন করেছেন এবং শত শত কোটি টাকা পাচার করেছেন। দুবাইয়ে বসে তিনি এই অবৈধ কারবার পরিচালনা করতেন বলে জানা গেছে। হবিগঞ্জের সদর উপজেলার শরীফপুর গ্রামে গিয়ে গ্রামবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, ২০১২ সালেও রুবেল মিয়ার বাবা আব্দুল লতিফ ছিলেন দিনমজুর। গ্রামের সবাই দেখেছে, যে ছেলেটি কয়েক বছর আগে গ্রামের দোকানে চায়ের স্টল দিয়ে জীবিকা নির্বাহ করত, বাবা ভ্যান চালাত; সে অনলাইন জুয়ায় জড়িয়ে পাহাড়সমান টাকার মালিক হয়েছে। তার হঠাৎ এই উত্থান দেখে অনেক আগে থেকেই এলাকার উঠতি বয়সিরা ঝুঁকেছে অনলাইন জুয়ায়। সরকারের সংস্থাগুলো তদন্ত করলে অদৃশ্য আরও কয়েকশ কোটি টাকার সম্পদ খুঁজে পাবে।
চলতি বছরের ২ অক্টোবর সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দুবাই পালানোর চেষ্টাকালে তাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে হবিগঞ্জে ২০২৪ সালের জুলাই মাসের আন্দোলনে দায়ের হওয়া একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। বর্তমানে তিনি পল্টন মডেল থানায় দায়ের হওয়া ডিজিটাল প্রতারণা মামলায় অভিযুক্ত। পুলিশ ও ডিবি দক্ষিণ বিভাগের তথ্যমতে, একটি নয় বরং ধারাবাহিকভাবে বিভিন্ন ভুয়া অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে সাধারণ মানুষের সাথে প্রতারণা চালিয়ে আসছে তার চক্রটি।
অনুসন্ধানে বেরিয়ে এসেছে, গত পাঁচ বছরে রুবেল মিয়া ও তার পরিবারের নামে সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় বিশাল অঢেল সম্পদ গড়ে তোলা হয়েছে। এর মধ্যে সুলতানশী মৌজায় ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত একাধিক দলিলে তিনি অন্তত ১৫ বিঘা জমি কিনেছেন। এছাড়া তার ভাই সোহাগসহ পরিবারের অন্য সদস্যদের নামেও রয়েছে আরও ১৭ বিঘা জমি। দলিলে উল্লেখিত তথ্যের পাশাপাশি স্থানীয় সূত্র জানায়, যমুনাবাদ, দারিয়া ও আনন্দপুর পৌরসভা এলাকায় তার নামে আরও কয়েক একর জমি ও একাধিক বাড়ি রয়েছে। স্থানীয় সাবরেজিস্ট্রার অফিসে ক্যাসিনো সম্রাট রুবেল ও তার পরিবারের সম্পদের খোঁজ নিতে গিয়ে দেখা যায়, ৫ বছরে সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় যে সম্পত্তি কেনা হয়েছে তার বাজারমূল্য শতকোটি টাকারও বেশি। এর মধ্যে রয়েছে সুলতানশী মৌজায় ২০১৯ সালে ১৬০০ নম্বর দলিলে ৯ শতক, ২০২১ সালে ৩৮২৯ নম্বর দলিলে ১০ শতক, ২০২২ সালে ৭৪১৫ ও ৫১১৫ নম্বর দলিলে যথাক্রমে ৪৬.৮ শতক ও ১০ অযুতাংশ এবং ২০২৩ সালে ৫৬৩৪ ও ৫৬৩৫ নম্বর দলিলে ২৫ শতক জমি রেজিস্ট। পাশাপাশি যমুনাবাদ মৌজায় ২০২২ সালে ৪৬১৮ নম্বর দলিলে ১৫ শতক, দারিয়া মৌজায় ১ একর ৭৬ শতক জমি এবং আনন্দপুর পৌরসভা এলাকায় ২০২৪ সালে ১৪০৩ নম্বর দলিলে ১১.৭২ শতক জমিসহ বাড়ি কেনা হয়েছে।
বিত্তের পাহাড় গড়া রুবেলের সম্পত্তির তালিকা বেশ দীর্ঘ। কটিয়াদী বাজারে ১০ শতক জমিতে বিলাসবহুল মার্কেট, শ্রীমঙ্গলে ৪ তলা ও ৩ তলা ভবন, হবিগঞ্জ ইনাতাবাদে জায়গা এবং ঢাকায় মতিঝিল ও উত্তরায় একাধিক ফ্ল্যাট থাকার তথ্য মিলেছে। এছাড়া শ্রীমঙ্গলে শত বিঘার রিসোর্ট, দুবাইয়ে বাংলো, হোটেল ও ক্যাসিনো ব্যবসার মালিকানায় তার নাম উঠে আসছে। স্থানীয় সাব-রেজিস্ট্রার অফিসের তথ্য অনুযায়ী, এসব সম্পত্তির বাজারমূল্য শতকোটি টাকা ছাড়িয়ে যাবে। স্থানীয় সাবরেজিস্ট্রি অফিসের একাধিক কর্মচারী নাম প্রকাশ না করে বলেন, সম্পত্তির সঠিক মূল্য নির্ধারণে সংশ্লিষ্ট দলিল, রেজিস্ট্রি মূল্য, বাজারমূল্য এবং মালিকানার তথ্য চাইলে আমরা সরকারি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে দাখিল করব।
ঘটনার সূত্রপাত গত ২৯ সেপ্টেম্বর পল্টন থানায় দায়ের হওয়া একটি মামলা থেকে। মো. আকবর হোসেন নামক এক ব্যক্তি অভিযোগ করেন, অভিযুক্তরা ‘harrywinstongold.vip’ নামক ভুয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে আমেরিকান কোম্পানির প্রলোভন দেখিয়ে তার কাছ থেকে ৭৬ লাখ ৩৬ হাজার টাকা আত্মসাৎ করেছেন। এই মামলার অন্যতম আসামি রুবেলকে চক্রের ‘এশিয়া অঞ্চলের কান্ট্রি ডিরেক্টর’ হিসেবে উল্লেখ করা হয়েছে। ২৯ সেপ্টেম্বর পল্টন থানায় মামলার বাদী মো. আকবর হোসেন এজাহারে উল্লেখ করেন, ২০২৩ সালের ২২ জুন থেকে ৬ আগস্ট পর্যন্ত বিভিন্ন সময়ে আসামিরা তাকে নানাভাবে প্রলোভন দেখান। অভিযুক্তরা harrywinstongold.vip নামের একটি ভুয়া অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে নিজেদের আমেরিকান কোম্পানির প্রতিনিধি হিসাবে পরিচয় দিয়ে বাদীর কাছ থেকে ৭০ লাখ টাকা হাতিয়ে নেন। নিজেকে যুবলীগ নেতা হিসাবে পরিচয় দিতেন।
রুবেলের এই অপরাধ কর্মকাণ্ডে সহায়তাকারী হিসেবে মো. ইকবাল আশরাফ, তাসনুভা নওরিন সানজানা, জুয়েল রানা, মো. সুজন এবং ময়নুল হাসানের নাম উঠে এসেছে। এদের মধ্যে ময়নুল হাসান স্থানীয়ভাবে বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং হবিগঞ্জের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেলেও পরে তা বাতিল হয়। এছাড়াও রুবেলের ভাই সোহাগ মিয়া, যিনি ‘মাদক্কা ক্যাসিনো সোহাগ’ নামে পরিচিত, তিনি রুবেলের অন্যতম সহযোগী হিসেবে কাজ করেন বলে এলাকাবাসীর দাবি। মামলার আসামিদের মধ্যে রয়েছেন-রাজধানীর উত্তর বাড্ডার মো. ইকবাল আশরাফ ওরফে ক্যাসিনো ইকবাল, গাজীপুরের তাসনুভা নওরিন সানজানা ওরফে শারমিন জাহান তিশা, হবিগঞ্জ সদরের শরীফপুর গ্রামের মো. রুবেল মিয়া ওরফে ক্যাসিনো সম্রাট রুবেল, কুমিল্লার দেবিদ্বার উপজেলার জুয়েল রানা। 5, 6. বাগিয়ে নিয়েছিলেন হবিগঞ্জের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটরের পদও।
স্থানীয়দের ভাষ্যমতে, আওয়ামী লীগ সরকারের শাসনামলে তৎকালীন সংসদ সদস্য আবু জাহিরের আশ্রয়-প্রশ্রয়ে রুবেল এসব অপরাধ চালিয়েছেন। হবিগঞ্জ সদর আসনের সংসদ সদস্য ও হুইপ জিকে গউছ জানান, রুবেল মূলত রাজনৈতিক প্রভাব ব্যবহার করে এসব অপকর্ম করেছেন। তিনি স্পষ্ট করেছেন, বর্তমান সরকার কোনো অপরাধীকে ছাড় দেবে না এবং রুবেলের সহযোগী ময়নুল হাসানের কর্মকাণ্ডের দায় দল নেবে না। আইন-শৃঙ্খলা বাহিনীকে ইতোমধ্যে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে বলে তিনি নিশ্চিত করেন। স্থানীয় লস্করপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. উজ্জ্বলের সঙ্গে কথা হলে রুবেল সম্পর্কে তিনি বলেন, ‘রুবেলের বর্তমান জীবনযাপন যেন আলাদিনের চেরাগের গল্পকেও হার মানায়। ইতোমধ্যে তার বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, এর আগে ২০২৪ সালের ২৫ জানুয়ারি ঢাকা মহানগর পুলিশের সিটি সাইবার ক্রাইম ইউনিট রুবেলকে গ্রেফতার করেছিল। সেই মামলায় জামিনে বেরিয়ে আসার পর আবারও একই কায়দায় তিনি সারা দেশে অনলাইন জুয়া নিয়ন্ত্রণ শুরু করেন। বর্তমানে পল্টন থানায় দায়ের করা ডিজিটাল প্রতারণা মামলার তদন্তভার ঢাকা মহানগর পুলিশের ডিবি দক্ষিণ বিভাগে ন্যস্ত করা হয়েছে এবং বিষয়টি নিয়ে বিস্তারিত অনুসন্ধান চলছে। দেশের অনলাইন জুয়ার মূল হোতা গ্রেফতার হওয়ার পর সিলেটজুড়ে শুরু হয় তোলপাড়। পুলিশের খাতায় এখনো তিনি পলাতক। অনলাইন জুয়ার মতো জঘন্য অপরাধ যারা নিয়ন্ত্রণ করছে, তারা যে দলেরই হোক তাদের যে কোনো মূল্যে গ্রেফতার করতে হবে।























