শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনায় চূড়ান্ত জাপানি কনসোর্টিয়াম
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব জাপানি কনসোর্টিয়ামের হাতে ন্যস্ত হওয়ার প্রক্রিয়া এক ধাপ এগিয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) পরিচালনা পর্ষদের সভায় জাপানি প্রতিষ্ঠানের প্রস্তাবিত শর্তাবলি পর্যালোচনা ও অনুমোদন দেওয়া হয়েছে। পরবর্তী পদক্ষেপ হিসেবে চুক্তি সংক্রান্ত ক্রয় প্রস্তাবটি এখন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। চূড়ান্ত অনুমোদনের পরই জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষরিত হবে।
বেবিচক সূত্রে জানা গেছে, মন্ত্রণালয়ে পাঠানো নথিপত্রের সঙ্গে ক্রয় প্রক্রিয়ায় অনুসরণীয় আইন ও বিধিবিধানের বিষয়ে দুটি প্রত্যয়নপত্র জমা দেওয়া হয়েছে। বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকের স্বাক্ষরিত এসব নথিতে বলা হয়, সরকারি ক্রয় বিধিমালা মেনেই প্রাক্কলিত ব্যয় ও চুক্তির প্রস্তাব তৈরি করা হয়েছে। তবে এই প্রক্রিয়ার শুরু থেকেই বিভিন্ন শর্ত নিয়ে বিতর্ক চলছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত হচ্ছে তৃতীয় টার্মিনাল চালু হলে প্রথম ও দ্বিতীয় টার্মিনালের আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ রাখা এবং ঢাকার ১০০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে পরবর্তী ১৫ বছর নতুন কোনো বাণিজ্যিক বিমানবন্দর চালু না করার শর্ত।
এসব বিতর্কিত শর্ত নিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকেও সমালোচনা করা হয়েছে। কমিটির সদস্যদের উদ্বেগের মূল কারণ হলো, হাজার হাজার কোটি টাকায় নির্মিত বিদ্যমান টার্মিনালগুলোর সক্ষমতাকে অবহেলা করা এবং রাষ্ট্রীয় বিনিয়োগের পূর্ণ ব্যবহার বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা। এছাড়া একাধিক টার্মিনাল আলাদা প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালনার আন্তর্জাতিক দৃষ্টান্ত থাকলেও এখানে তার প্রতিফলন ঘটানো হয়নি বলে প্রশ্ন উঠেছে।
চুক্তির আর্থিক কাঠামো নিয়েও আপত্তি জানিয়েছেন সংশ্লিষ্টরা। প্রস্তাবিত সমঝোতা অনুযায়ী, বাংলাদেশ মোট রাজস্বের ২৭ শতাংশ পাওয়ার কথা। কিন্তু আংশিক কার্যক্রম থেকে পূর্ণাঙ্গ বাণিজ্যিক পরিচালনায় যাওয়ার মধ্যবর্তী সময়ে জাপানি অপারেটরকে ১৩ দশমিক ৫ শতাংশ বিশেষ ছাড় দেওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। পাশাপাশি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গ্রাউন্ড হ্যান্ডলিং সেবার মাশুল ও কার্যক্রম নিয়েও আলোচনা চলছে।
আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবস থেকে সীমিত পরিসরে তৃতীয় টার্মিনালের কার্যক্রম শুরু করার লক্ষ্য ঠিক করেছে কর্তৃপক্ষ। সেই অনুযায়ী প্রস্তুতি চলছে এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিজেদের গ্রাউন্ড হ্যান্ডলিং লাইসেন্সের পরিধিতে এই টার্মিনালকে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিয়েছে। এখন মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে পুরো বিষয়টি।


























