এলপিজির দাম বৃদ্ধির কারণ ব্যাখ্যা করল লোয়াব
দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্যবৃদ্ধির পেছনে বিদ্যমান পরিস্থিতি ও যৌক্তিক কারণগুলো বিস্তারিত ব্যাখ্যা করেছে এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (লোয়াব)। সংগঠনের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আহসানুল জব্বার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বিষয়ে নানা উদ্বেগ ও প্রশ্নের জবাব দেওয়া হয়েছে। এলপিজির মূল্যবৃদ্ধির অন্যতম প্রধান কারণ হিসেবে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিকে উল্লেখ করেছে লোয়াব।
লোয়াবের তথ্য অনুযায়ী, একটি ১২ কেজি এলপিজি সিলিন্ডারের মোট মূল্যের প্রায় ৮০ শতাংশ ব্যয়ই সরাসরি আন্তর্জাতিক বাজার থেকে গ্যাস কেনা এবং তা আমদানির ওপর নির্ভরশীল। বাকি ২০ শতাংশ ব্যয়ের মধ্যে ভ্যাট-ট্যাক্স, সিলিন্ডার ভর্তি করার খরচ, পরিবহন, মুনাফা এবং ডিলার ও খুচরা বিক্রেতাদের কমিশন অন্তর্ভুক্ত থাকে। তাই আন্তর্জাতিক বাজারে দামের অস্থিরতা থাকলে স্থানীয় পর্যায়ে তা নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে পড়ে।
সংগঠনটি জানিয়েছে, গত এক বছরে সৌদি আরামকোর কন্ট্রাক্ট প্রাইস (সিপি) পর্যালোচনায় দেখা গেছে, ২০২৫ সালে প্রতি টন গ্যাসের দাম যেখানে গড়ে প্রায় ৫৫২ ডলার ছিল, তা ২০২৬ সালে বেড়ে গড়ে প্রায় ৬৬৬ ডলারে পৌঁছেছে। অর্থাৎ কাঁচামালের দাম প্রায় ২১ শতাংশ বৃদ্ধি পাওয়ায় আমদানিকারকদের জন্য শুরু থেকেই খরচ বেড়ে গেছে। এছাড়া মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে হরমুজ প্রণালী ও বাব-এল-মান্দেব নৌপথে বাণিজ্যিক জাহাজ চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে, যা সরবরাহ চেইনকে অনিশ্চিত করে তুলেছে। অর্থাৎ কাঁচামাল কেনার মূল্যই প্রায় ২১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে প্রচলিত অনেক সরবরাহ চুক্তি বাতিল হয়েছে এবং অনেক চুক্তির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।
জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বর্তমানে দেশের চাহিদার প্রায় ৮০ শতাংশ এলপিজি যুক্তরাষ্ট্র থেকে আমদানি করছে। তবে ডলারের বিপরীতে টাকার মান প্রায় ৩ শতাংশ কমে যাওয়ায় এলসি খোলাসহ আমদানি ব্যয় আগের চেয়ে অনেক বেড়ে গেছে। পাশাপাশি বন্দর অবকাঠামোর সীমাবদ্ধতাও দামের ওপর প্রভাব ফেলছে। ভারতের সমুদ্রবন্দরগুলোতে গভীরতা বেশি থাকায় বড় জাহাজ (ভিএলজিসি) সরাসরি জেটিতে ভিড়তে পারে এবং মাত্র ৩ থেকে ৪ দিনে ৪২ হাজার টন গ্যাস খালাস করতে সক্ষম হয়। পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে বাংলাদেশের এলপিজির দামের তুলনা প্রসঙ্গে বিজ্ঞপ্তিতে বলা হয়, দুই দেশের বাজারব্যবস্থা, অবকাঠামো, উৎপাদন সক্ষমতা এবং সরকারি আর্থিক সহায়তার মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে।
বিপরীতে, বাংলাদেশের বন্দরগুলোতে পর্যাপ্ত গভীরতা না থাকায় গভীর সমুদ্রে বড় জাহাজ থেকে ছোট জাহাজে পণ্য স্থানান্তর বা লাইটারিং করতে হয়। এই প্রক্রিয়ায় প্রায় ২৫ দিন সময় লাগে এবং একটি বড় ভিএলজিসি জাহাজের পেছনে দৈনিক প্রায় ২ লাখ ডলার ব্যয় হয়। ফলে ২০ দিনে শুধু জাহাজ ভাড়ার পেছনেই প্রায় ৪০ লাখ বা ৪ মিলিয়ন ডলার অতিরিক্ত খরচ হয়, যা শেষ পর্যন্ত ভোক্তাপর্যায়ে প্রভাব ফেলে। তবে মহেশখালীতে সরকারি বা যৌথ উদ্যোগে ল্যান্ড টার্মিনাল নির্মাণ করা হলে এই খরচ অনেকটাই কমে আসবে বলে মনে করছে লোয়াব।
ভোক্তাদের স্বার্থ রক্ষায় সরকার সক্রিয় রয়েছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে জানানো হয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নির্ধারিত মূল্যে গ্যাস বিক্রি নিশ্চিত করতে কঠোর নির্দেশনা দিয়েছে। নিজেদের সামাজিক ও প্রাতিষ্ঠানিক দায়বদ্ধতার জায়গা থেকে লোয়াব তাদের সব অপারেটর ও পরিবেশকদের বিইআরসি নির্ধারিত মূল্যে গ্যাস বিক্রি এবং নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখার কঠোর নির্দেশ প্রদান করেছে। কোন্ পরিস্থিতিতে কি কারণে দাম বাড়ছে এবং এ নিয়ে গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে আসা বিভিন্ন প্রশ্ন এবং উদ্বেগের জবাবও দিয়েছে সংগঠনটি। এসব পার্থক্যের কারণে ভারতে তুলনামূলক কম দামে এলপিজি বিক্রি করা সম্ভব হচ্ছে। ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় সরকার ইতোমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।


























