নিরাপত্তাজনিত কারণে কাতার বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্যের বিদ্যমান নিরাপত্তা পরিস্থিতি এবং মার্কিন পররাষ্ট্র দপ্তরের ভ্রমণ সতর্কতার প্রেক্ষিতে কাতারে আয়োজিত হতে যাওয়া ছেলেদের ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র। গত বুধবার (১১ নভেম্বর) ইউএস সকার ফেডারেশন এক চিঠির মাধ্যমে তাদের খেলোয়াড়দের এই সিদ্ধান্তের বিষয়টি অবহিত করেছে। বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা ওই নথিতে জানানো হয়েছে, বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে টুর্নামেন্টের আগে কোনো অনুশীলন ক্যাম্প বা মূল প্রতিযোগিতায় অংশগ্রহণ না করার কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টুর্নামেন্ট শুরুর মাত্র এক সপ্তাহ আগে গতকাল বুধবার (১১ নভেম্বর) খেলোয়াড়দের কাছে পাঠানো এক চিঠিতে এই সিদ্ধান্তের কথা জানায় যুক্তরাষ্ট্রের ফুটবল ফেডারেশন (ইউএস সকার)।
আগামী ১৯ নভেম্বর থেকে কাতারে ৪৮ দলের এই বিশ্ব আসর শুরু হওয়ার সূচি রয়েছে। গ্রুপ ‘জে’তে থাকা যুক্তরাষ্ট্রের ২১ নভেম্বর মন্টেনিগ্রোর বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরুর কথা ছিল, যেখানে তাদের অপর দুই প্রতিদ্বন্দ্বী ছিল চিলি ও আলজেরিয়া। এর আগে গত ২৩ অক্টোবর মার্কিন পররাষ্ট্র দপ্তর কাতারের জন্য লেভেল-৩ ভ্রমণ সতর্কতা হালনাগাদ করে। সেখানে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা এবং সৌদি আরবের অবকাঠামোয় হুতিদের হামলার ঝুঁকি বিবেচনা করে মার্কিন নাগরিকদের কাতার ভ্রমণে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছিল। এছাড়া কাতারে নিয়োজিত মার্কিন দূতাবাসের কর্মী ও তাদের পরিবারের জন্যও অতিরিক্ত সুরক্ষা নির্দেশনা জারি করা হয়েছে।
১৬ ও ১৭ বছর বয়সী কিশোর ফুটবলার এবং দলের স্টাফদের নিরাপত্তাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে ইউএস সকার। ফেডারেশন বুধবারই সংশ্লিষ্ট ক্লাবগুলোকে এই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। পাশাপাশি ফিফার আনুষ্ঠানিক ঘোষণার আগ পর্যন্ত খেলোয়াড়দের এ বিষয়ে কোনো মন্তব্য না করার অনুরোধ জানানো হয়েছে। তবে এ বিষয়ে ফিফার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। উল্লেখ্য, নিয়ম অনুযায়ী টুর্নামেন্ট শুরুর ৩০ দিনের মধ্যে কোনো দল নাম প্রত্যাহার করলে ২০ হাজার সুইস ফ্রাঁ বা প্রায় ২৪ হাজার মার্কিন ডলার জরিমানার বিধান রয়েছে।
এর আগে গত বছর কাতারে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে যুক্তরাষ্ট্র শেষ ৩২ দলের রাউন্ড পর্যন্ত খেলেছিল। উল্লেখ্য, ২০২৯ সাল পর্যন্ত প্রতি বছর কাতারেই এই অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা রয়েছে। বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের এই সরে দাঁড়ানোর সিদ্ধান্তে বিশ্ব ফুটবলের এই কিশোর আসরে বড় ধরনের ছন্দপতন ঘটল।























