যুক্তরাষ্ট্রকে সাত শর্ত মেনে যুদ্ধ থামানোর আহ্বান ইরানের
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা চলছে না জানিয়ে তেহরান যুদ্ধ অবসানের জন্য সাতটি সুনির্দিষ্ট শর্ত সামনে এনেছে। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মেজর জেনারেল মোহসেন রেজাই দাবি করেছেন, ওয়াশিংটনের এখন সময় এসেছে ইরানের এই শর্তগুলো মেনে নেওয়ার। তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, তেহরানের দেওয়া এই শর্তাবলী বাস্তবায়িত না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি খুলে দেওয়া বা ওয়াশিংটনের সঙ্গে কোনো সংলাপে বসার সুযোগ নেই। তবে পরিস্থিতির পরিবর্তন হলে যেকোনো সময় ব্যবস্থা নিতে প্রস্তুত।
ইরানের এই শর্তগুলোর মধ্যে রয়েছে লেবানন, গাজা ও ইয়েমেনসহ সব ফ্রন্টে মার্কিন সামরিক অভিযান বন্ধ করা, ইরানের জব্দ করা সম্পদ অবমুক্ত করা, অর্থনৈতিক ও রাজনৈতিক নিষেধাজ্ঞা পুরোপুরি তুলে নেওয়া, নৌ অবরোধ প্রত্যাহার এবং ওই অঞ্চল থেকে মার্কিন বিমান ও নৌবাহিনী সরিয়ে নেওয়া। একই সঙ্গে যুদ্ধের ক্ষয়ক্ষতি বাবদ ক্ষতিপূরণ প্রদান এবং ইরানের বিরুদ্ধে হুমকি বা অবমাননাকর বক্তব্য বন্ধের দাবি জানিয়েছে তেহরান।
রেজাইয়ের অভিযোগ, সামরিকভাবে কোণঠাসা হয়ে পড়া মার্কিন সরকার এখনো পরিস্থিতি স্বীকার করতে চাইছে না; বরং কাল্পনিক আলোচনার খবর প্রচার করছে। তিনি ওয়াশিংটনকে এই ধরনের বিভ্রান্তিকর প্রচার বন্ধের আহ্বান জানান। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জোর দিয়ে বলেছেন, নিছক সামরিক অভিযান বা কঠোর অবরোধের মাধ্যমে এই সংঘাতের স্থায়ী সমাধান সম্ভব নয়। এর জন্য অবশ্যই ইরানকে ন্যায্য পাওনা ও শর্তগুলো পূরণ করতে হবে।
অন্যদিকে কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াশিংটনে বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, সামরিক দিক থেকে ইরান কার্যত অকার্যকর হয়ে পড়েছে। তবে ট্রাম্প জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোর অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত সরাসরি সামরিক হামলা থেকে বিরত থাকলেও ইরানের ওপর নৌ অবরোধসহ অন্যান্য চাপ অব্যাহত থাকবে। পরিস্থিতি অনুযায়ী ভবিষ্যতে প্রয়োজনে ফের অভিযানের প্রস্তুতি রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। তিনি দুই দিনের একটি পরিকল্পনার কথা উল্লেখ করেন।
এসবের মধ্যেই মধ্যপ্রাচ্যে সংঘাতের উত্তাপ ছড়িয়েছে সৌদি আরবের ভূখণ্ডেও। মঙ্গলবার সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল মালিকি জানান, রিয়াদ ও দেশটির দক্ষিণাঞ্চল লক্ষ্য করে তিনটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। যদিও সেগুলো প্রতিহত করা হয়েছে। এর আগে সোমবার মদিনায় সৌদি আরবের একটি গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইনে হামলার ঘটনায় সামান্য অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়, তবে এতে বড় কোনো ক্ষয়ক্ষতি বা পাইপলাইন বন্ধের খবর পাওয়া যায়নি। সৌদিতে একাধিক বিস্ফোরণ: মধ্যপ্রাচ্যে সংঘাতের প্রভাব পড়ছে সৌদি আরবের নিরাপত্তা ও জ্বালানি অবকাঠামোতেও। জোটের মুখপাত্র তুর্কি আল মালিকি জানান, রিয়াদের আকাশে একটি ব্যালিস্টিক ও একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং দক্ষিণাঞ্চলে আরেকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। এতে সীমিত অগ্নিকাণ্ড হলেও পাইপলাইনের কার্যক্রম ব্যাহত হয়নি বলে জানিয়েছে সৌদি জ্বালানি মন্ত্রণালয়।
ওয়াশিংটনে অনুষ্ঠিত ওই বৈঠকে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানি ও মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স উপস্থিত ছিলেন।
বৈঠকে আঞ্চলিক পরিস্থিতি ও শান্তি প্রতিষ্ঠার উপায় নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানিয়েছে কাতার। তবে একদিকে ইরান যখন সাত শর্ত পূরণের অপেক্ষায়, অন্যদিকে যুক্তরাষ্ট্র তখন সামরিক চাপ বজায় রাখার কৌশল নিয়ে অটল রয়েছে। সব মিলিয়ে এই সংঘাতের নিরসনে কোনো পক্ষই এখন পর্যন্ত নমনীয় হওয়ার লক্ষণ দেখাচ্ছে না।
























