উত্তর প্রদেশে দীপাবলির রাতে গুলিবিদ্ধ রাষ্ট্রপতির দেহরক্ষী
ভারতের উত্তর প্রদেশের বাগপত জেলায় দীপাবলি উদ্যাপনের রাতে বাজি পোড়ানো নিয়ে বাগবিতণ্ডার জেরে গুলিবিদ্ধ হয়েছেন প্রেসিডেন্টস বডিগার্ডের এক সেনাসদস্য। মাথায় গুলি লাগায় গুরুতর আহত অবস্থায় সৌরভ তোমর নামের ওই সেনাসদস্যকে মিরাটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উৎসবের রাতে বাড়ির সামনে সৌরভ তার দুই ভাই বিনীত ও মিন্টুর সাথে বাজি পোড়াচ্ছিলেন। সেই সময় গ্রামের বাসিন্দা ধীরজ এবং তার ভাই মনু ওরফে প্রবীণের সাথে তাদের তর্কাতর্কি শুরু হয়, যা পরবর্তীতে সংঘর্ষের রূপ নেয়। উত্তেজিত অবস্থায় ধীরজ তার কাছে থাকা একটি দেশীয় পিস্তল বের করে গুলি চালান। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, গুলিটি প্রথমে দেয়ালে লেগে প্রতিহত হয়ে সৌরভের মাথার কানের ঠিক পেছনের অংশে বিদ্ধ হয় এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
একই সময়ে ধীরজের ভাই লাঠি নিয়ে এসে বিনীতের ওপর চড়াও হন। পরিস্থিতি সামাল দিতে মিন্টু লাঠি দিয়ে মনু ওরফে প্রবীণকে পাল্টা আঘাত করলে এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়। গোলাগুলির শব্দে আতঙ্কিত হয়ে জড়ো হওয়া মানুষজন দ্রুত সরে পড়েন এবং অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
স্থানীয়দের মতে, সৌরভ ও অভিযুক্তদের পরিবার একে অপরের পূর্ব পরিচিত এবং তাদের মধ্যে সুসম্পর্ক ছিল। তবে মাস দুয়েক আগেও তাদের মধ্যে একবার বিরোধের ঘটনা ঘটেছিল। ২০২১ সালে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেওয়া সৌরভ বর্তমানে রাষ্ট্রপতি ভবনে প্রেসিডেন্টস বডিগার্ড হিসেবে কর্মরত। সেনাবাহিনীর প্রাচীন ও জ্যেষ্ঠ এই অশ্বারোহী রেজিমেন্টের সদস্য সৌরভ দীপাবলির ছুটিতে নিজ গ্রামে ফিরেছিলেন।
























