রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান ও তাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুরস্কের জোরালো সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, এ বিষয়ে জাতিসংঘ ও ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) প্ল্যাটফর্মে তুরস্কের সক্রিয় ও অব্যাহত ভূমিকা অত্যন্ত জরুরি।
তুরস্কের আনতালিয়ার ম্যাক্স রয়েল হোটেলে মঙ্গলবার সন্ধ্যায় দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এই আহ্বান জানান প্রধানমন্ত্রী।
জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘ সম্মেলন ‘কপ-৩১’ উপলক্ষে বিশ্বনেতাদের শীর্ষ সম্মেলনের প্রাক্কালে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু বিষয়টি নিশ্চিত করেছেন।
বৈঠকে প্রধানমন্ত্রী রোহিঙ্গা মানবিক সংকটের সময় আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) তুরস্কের অবিচল সংহতি প্রদর্শনের জন্য দেশটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য মাঠপর্যায়ে মানবিক সহায়তা প্রদানের জন্য তিনি তুরস্ককে ধন্যবাদ জানান।
দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনায় উভয় নেতা প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর ও বহুমুখী করার ওপর জোর দিয়েছেন। প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রতিরক্ষা খাতে যৌথ বিনিয়োগের বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করেন। এছাড়া বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দুই দেশের মধ্যে নিয়মিত যোগাযোগ ও ঘনিষ্ঠ আলোচনার প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।
জ্বালানি ও খনিজ সম্পদ খাতে পারস্পরিক অংশীদারিত্ব বাড়ানোর বিষয়টিও বৈঠকে গুরুত্ব পেয়েছে। প্রধানমন্ত্রী জানান, নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশে তুরস্কের বিনিয়োগের বিশাল সম্ভাবনা রয়েছে।
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মতো ঝুঁকিপূর্ণ দেশগুলোর সুরক্ষায় বিশ্ব সম্প্রদায়ের কার্যকর অংশীদারিত্ব জরুরি। সফলভাবে কপ-৩১ সম্মেলন আয়োজনের জন্য তুরস্ককে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী গত সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সময় তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে হওয়া বৈঠকের কথা স্মরণ করেন। সেই থেকে দুই দেশের সম্পর্কের যে অগ্রগতি হয়েছে, তাতে তিনি সন্তোষ প্রকাশ করেন।
বৈঠকটিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবিরসহ সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা ও সহযোগিতার ধারাবাহিকতা বজায় রাখার বিষয়েও ঐকমত্য পোষণ করা হয়।
























