ইসরাইলে সরকার গঠনের আহ্বান পেলেন বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকট
দখলদার ইসরাইলের নতুন জোট সরকার গঠনের প্রক্রিয়ায় দেশটির সাবেক সেনাপ্রধান ও বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকটকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছেন প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ। গত সপ্তাহে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কিংবা আইজেনকট—কারো পক্ষেই পার্লামেন্ট নেসেটে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া সম্ভব হয়নি। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে দীর্ঘ আলোচনার পর প্রেসিডেন্ট এই সিদ্ধান্তের কথা জানান। নতুন সরকার গঠনের জন্য আইজেনকট আগামী ২৮ দিন সময় পাবেন, তবে প্রয়োজনে এই মেয়াদ আরও ১৪ দিন বাড়ানো হতে পারে। সপ্তাহজুড়ে সব দলের সঙ্গে আলোচনা শেষে প্রেসিডেন্ট হারজোগ জানান, তিনি সরকার গঠনের প্রথম সুযোগটি আইজেনকটকেই দিতে যাচ্ছেন।
নির্বাচনের ফলাফলে দেখা গেছে, নবনির্বাচিত নেসেট সদস্যদের মধ্যে আইজেনকট ৬৭ জন আইনপ্রণেতার সমর্থন পেয়েছেন। অন্যদিকে, বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি সমর্থন জানিয়েছেন ৪৬ জন সদস্য। প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের কার্যালয় থেকে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এদিকে, সরকার গঠনের দায়িত্ব পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আইজেনকট লিখেছেন, ‘এখন একটি জাতীয় জরুরি সরকার গঠনের উপযুক্ত সময়। জনগণের আস্থার প্রতি সম্মান রেখে আমি আমার সাধ্যমতো সব চেষ্টা করব।’ অন্যদিকে নেতানিয়াহুর পক্ষে সমর্থন এসেছে ৪৬ জনের—উল্লেখ করা হয় ওই বিবৃতিতে।
ইসরাইলের রাজনৈতিক ইতিহাসে আজ পর্যন্ত কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি, যার ফলে দেশটিতে সবসময়ই জোট সরকার ব্যবস্থার ওপর নির্ভর করতে হয়।
এবারের নির্বাচনে বিশেষ চমক দেখিয়েছে আরবদের দুটি জোট—ইউনাইটেড আরব লিস্ট এবং জয়েন্ট লিস্ট।
আরব ভোটারদের অংশগ্রহণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাওয়ায় জোট দুটি রেকর্ড ১৯টি আসনে জয়লাভ করেছে।
নির্বাচনের আগে একটি ব্যতিক্রমি দল ছাড়া সব ইহুদি রাজনৈতিক দল আরব দলগুলোর সঙ্গে সরকার গঠনের সম্ভাবনা নাকচ করে দিয়েছিল। তবে সরকার গঠনের অন্যতম ‘কিংমেকার’ হিসেবে আরব দলগুলোর গুরুত্ব এখন স্পষ্ট হয়ে উঠছে।
সরকার গঠনের ক্ষেত্রে তিনটি মূল পথ খোলা রয়েছে: নেতানিয়াহু ও আইজেনকটের সমন্বয়ে একটি জাতীয় ঐক্যের সরকার, নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থি জোটের প্রচেষ্টা, অথবা আরব দলগুলোর সমর্থনে আইজেনকটের সরকার। যদিও আইজেনকট ও তার ব্লকের সদস্যরা এতদিন আরব দলগুলোর সঙ্গে সমঝোতার বিষয়টি এড়িয়ে চলছেন, তবুও পর্দার আড়ালে নতুন কোনো সমীকরণ তৈরির গুঞ্জন শোনা যাচ্ছে। এর বাইরে আইজেনকট আল্ট্রা-অর্থোডক্স দলগুলোর সঙ্গেও আলোচনার চেষ্টা করতে পারেন।
ইসরাইলে ঐক্যের সরকার গঠনের নজির আগে থেকেই রয়েছে। ২০২০ সালে রাজনৈতিক অচলবস্থা কাটাতে নেতানিয়াহু ও তৎকালীন প্রতিদ্বন্দ্বী বেনি গ্যান্টস ক্ষমতার হাতবদলের চুক্তিতে আবদ্ধ হয়েছিলেন। উল্লেখ্য, ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত চরম অস্থিরতার মধ্য দিয়ে যাওয়া দেশটিতে তিন বছরে পাঁচবার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যা নেতানিয়াহু ও তার বিরোধীদের মধ্যকার সমঝোতার অভাবে বারবার ঝুলে গিয়েছিল। এর আগে ২০২০ সালে পরপর তিনটি নির্বাচন অচল হয়ে পড়লে নেতানিয়াহু এবং তার তৎকালীন প্রতিদ্বন্দ্বী বেনি গ্যান্টস ক্ষমতার হাতবদলের (রোটেশনাল গভর্মেন্ট) ভিত্তিতে একটি চুক্তি করেছিলেন।






















