তদন্তে রাশনা ইমামের নেতৃত্বে বিসিবির কমিটি: যৌন হয়রানির
নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগ গ্রহণ এবং তাদের জন্য একটি নিরাপদ ক্রীড়া পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পাঁচ সদস্যের একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রাশনা ইমাম। তিনি অতীতে বিসিবির নারী উইংয়ের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন এবং বিসিবির আগের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। তাঁর স্বামী ববি হাজ্জাজ বর্তমানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন।
কমিটির অন্যান্য সদস্য হিসেবে থাকছেন ব্যারিস্টার নাজিয়া কবির, ব্যারিস্টার আনীতা গাজী রহমান ও জারিন মাহমুদ হোসেন। পাশাপাশি একজন সাবেক ক্রিকেটারকে এই কমিটিতে যুক্ত করা হবে, যার নাম এখনো চূড়ান্ত হয়নি। এই কমিটির বিশেষত্ব হলো এতে বিসিবির বর্তমান কোনো কর্মকর্তা বা সংশ্লিষ্ট কাউকে রাখা হয়নি, যাতে তদন্ত প্রক্রিয়ায় বোর্ডের প্রভাব বা স্বার্থের সংঘাত তৈরি না হয়। ফলে অভিযোগের তদন্তে বোর্ডের অভ্যন্তরীণ প্রভাব ও স্বার্থের সংঘাত এড়ানো সম্ভব হবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।
বিসিবি নারী উইংয়ের প্রধান রফিকুল ইসলাম জানিয়েছেন, দীর্ঘদিন ধরে এমন একটি নিরপেক্ষ কাঠামোর দাবি ছিল যা এবার পূর্ণ হলো। অবশেষে সেই উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে।
এর ফলে নারী ক্রিকেটাররা যেকোনো অভিযোগ নির্দ্বিধায় জমা দিতে পারবেন। এর আগে জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম টিম ম্যানেজমেন্টের এক সদস্যের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছিলেন। ওই সময় রুবাবা দৌলার নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হলেও এবার হাইকোর্টের নির্দেশনা মেনেই স্থায়ী ও স্বাধীন সুরক্ষার দিকে হাঁটছে বিসিবি। নতুন এই উদ্যোগের মাধ্যমে খেলোয়াড়দের ভয়মুক্ত পরিবেশ নিশ্চিত করাই বোর্ডের মূল লক্ষ্য। পাশাপাশি হাইকোর্টের নির্দেশনা অনুসারে অভিযোগ কমিটি গঠনের মাধ্যমে প্রাতিষ্ঠানিক সুরক্ষা জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

























