ওমানের খাসাব উপকূলে হরমুজ প্রণালিতে জাহাজে আগুন
ওমানের খাসাব উপকূল থেকে প্রায় ২৫ নটিক্যাল মাইল উত্তর-পূর্বে হরমুজ প্রণালিতে একটি বাণিজ্যিক জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পরিচালনা সংস্থা (ইউকেএমটিও) জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় জাহাজটিতে এই আগুন লাগে। অগ্নিকাণ্ডের বিষয়টি একটি তৃতীয় পক্ষের কাছ থেকে নিশ্চিত হওয়ার কথা জানিয়েছে সংস্থাটি। তবে ঠিক কী কারণে বা কোন পরিস্থিতিতে জাহাজে আগুনের সূত্রপাত হয়েছে, সে সম্পর্কে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত জাহাজটির নাবিক বা ক্রুদের অবস্থা সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। এছাড়া অগ্নিকাণ্ডে জাহাজটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে কিংবা সামুদ্রিক পরিবেশের ওপর এর কোনো প্রভাব পড়েছে কি না, তা নিয়েও এখনো তথ্য মেলেনি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে।
এই ঘটনার পর ওই এলাকায় চলাচলকারী অন্যান্য জাহাজগুলোকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে ইউকেএমটিও। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক সতর্কবার্তায় সংস্থাটি জানিয়েছে, সমুদ্রপথে কোনো ধরনের সন্দেহজনক তৎপরতা চোখে পড়লে তা দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করতে হবে। নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও চলাচল নিরাপদ করতে নিয়মিত নজরদারি অব্যাহত রয়েছে।






















