রাজবাড়ী কো-অপারেটিভ ব্যাংকে কোটি টাকার লুটপাট, তদন্তে মিলল প্রমাণ
রাজবাড়ী জেলা কো-অপারেটিভ ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাৎ ও ব্যাপক অনিয়মের চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। শহরের কেন্দ্রস্থলে অবস্থিত ব্যাংকটির তিনটি বহুতল ভবন নির্মাণ এবং আর্থিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বড় ধরনের দুর্নীতির প্রমাণ পেয়েছে সমবায় অধিদপ্তরের গঠিত একটি তদন্ত কমিটি। যদিও এই প্রতিবেদন জমা দেওয়ার তিন বছর পেরিয়ে গেলেও দায়ীদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
তদন্ত প্রক্রিয়াটি শুরু হয়েছিল বিভাগীয় সমবায় কার্যালয় ঢাকার যুগ্ম নিবন্ধকের নির্দেশে। ২০২৩ সালের ৩১ জুলাইয়ের একটি আদেশে (স্মারক নং-৯৮২) তৎকালীন জেলা সমবায় কর্মকর্তা সুমন আহমেদকে প্রধান করে পাঁচ সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়। দুই মাসব্যাপী নিবিড় তদন্তের পর ২০১৩ থেকে ২০২২-২৩ অর্থবছর পর্যন্ত সংঘটিত আর্থিক দুর্নীতি ও অনিয়মের বিস্তারিত চিত্রসহ প্রতিবেদনটি কেন্দ্রীয় কার্যালয়ে পেশ করা হয়। জানা যায়, বিভাগীয় সমবায় কার্যালয় ঢাকার যুগ্ম নিবন্ধকের আদেশে (আদেশ নং-৯৮২, তারিখ: ৩১-০৭-২০২৩) মানিকগঞ্জের তৎকালীন জেলা সমবায় অফিসার সুমন আহমেদকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠিত হয়।
তদন্তে উঠে এসেছে, ২০০৬ সালে অ্যাডভোকেট এমএ খালেক সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই ব্যাংকে অনিয়মের সূত্রপাত। উপ-আইন সংশোধন না করেই সাংগঠনিক কর্মকাণ্ড চালানোসহ মেয়াদ শেষের পর নির্বাচন ঠেকাতে কৌশলে মামলা দায়েরের অভিযোগ পাওয়া গেছে। ২০২০ সালের ২৯ আগস্ট এমএ খালেকের মৃত্যুর পর সহসভাপতি আব্দুল ওয়াহাব নিয়মনীতি উপেক্ষা করে পদত্যাগ না করেই অবৈধভাবে সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। এছাড়া শহরের সজ্জনকান্দা ও বিনোদপুর এলাকায় ব্যাংকের শতকোটি টাকা মূল্যের ৪৪ শতাংশ জমিতে টেন্ডার ও প্রকৌশলী ছাড়াই তিনটি ভবন নির্মাণ করা হয়েছে। এর মধ্যে সমবায় টাওয়ার-১ নির্মাণে ২১ কোটি ৬৯ লাখ ৯৭ হাজার টাকা খরচ দেখানো হলেও এর বিপরীতে কোনো ভাউচার নেই। এছাড়া টাওয়ার-৩ এর নির্মাণ ব্যয়ের কাগজে-কলমে মাত্র ৯৩ হাজার টাকা দেখানো হয়েছে এবং অসম্পূর্ণ সমবায় টাওয়ার-২ নির্মাণে ৯ কোটি ৭৫ লাখ ৩৬৮ টাকার ভাউচারের কোনো হদিস মেলেনি। মেয়াদ শেষে নির্বাচন আটকাতে পরিকল্পিতভাবে আদালতে মামলা করানো হয়। খলিফা পট্টিতে ১০ শতাংশ জমির ওপর নির্মিত চারতলা ‘সমবায় টাওয়ার-৩’-এর কোনো তথ্যই দেয়নি কমিটি; কাগজে-কলমে এর ব্যয় দেখানো হয়েছে মাত্র ৯৩ হাজার টাকা।
তদন্ত কমিটির হিসাব অনুযায়ী, ব্যবস্থাপনা কমিটির সদস্যদের বিরুদ্ধে মোট ছয় কোটি ৬৫ লাখ টাকার আর্থিক দায় নির্ধারণ করা হয়েছে। প্রয়াত সভাপতি এমএ খালেকের ওপর ৮৩ লাখ ৮৪ হাজার ২৮৩ টাকার দায়ভার চাপানো হয়েছে। এছাড়া বর্তমান সভাপতি আব্দুল ওয়াহাব, সদস্য মোয়াজ্জেম হোসেন, নব কুমার দত্ত, মৃদুল কান্তি সাহা, হেলাল উদ্দিন সরদার এবং প্রিন্সিপাল অফিসার হাবিবুর রহমান তালুকদার—প্রত্যেকের ওপর ৯৬ লাখ ৯৬ হাজার ৬০৫ টাকা করে দায় নির্ধারণ করা হয়েছে। ভবনগুলোর দোকানের ভাড়া আদায়, কর্মীদের বেতন-ভাতা এবং ভুয়া ভাউচারের মাধ্যমে বিপুল অর্থ লোপাটের প্রমাণ মিলেছে। এছাড়া সাধারণ সভার অনুমোদন ছাড়াই অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল অফিসার হাবিবুর রহমানকে চুক্তিতে মাসে ৩৫ হাজার টাকা বেতনে নিয়োগ দেওয়া হয়েছে।
এ বিষয়ে বর্তমান সভাপতি আব্দুল ওয়াহাবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে অভিযুক্ত প্রিন্সিপাল অফিসার হাবিবুর রহমান তালুকদার তদন্ত প্রতিবেদনটিকে মনগড়া দাবি করে জানিয়েছেন, তারা সব প্রশ্নের জবাব দিয়েছেন এবং কোনো পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানতে চাইলে তারা পুনরায় বিষয়টি খোলাসা করবেন। এ বিষয়ে বর্তমান সভাপতি আব্দুল ওয়াহাবকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
























