12:21 pm, Sunday, 22 November 2026
News Title :
খুলনায় দুর্বৃত্তের গুলিতে বিএনপি নেতা গুরুতর আহত
খুলনার তেরখাদা উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে মাফিজুর রহমান (৪৭) নামে এক বিএনপি নেতা গুরুতর আহত হয়েছেন। শনিবার (২১ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার উত্তর মোকামপুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত মাফিজুর রহমান মধুপুর ইউনিয়ন বিএনপি সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় মাফিজুর রহমান মোকামপুর বাজার থেকে ভ্যানে চড়ে বাড়ি ফিরছিলেন। পথে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তার বাম হাত, ডান পা ও পাঁজরের নিচে গুলি লাগে। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র জানিয়েছেন, ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশি তৎপরতা চলছে।






















