খুলনার রূপসায় দুর্বৃত্তের গুলিতে বিএনপি নেতা নিহত
খুলনার রূপসা উপজেলার স্বল্পবাহিরদিয়া গ্রামে মো. জাকির হোসেন (৪৩) নামে এক বিএনপি নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত জাকির রূপসার ৪ নম্বর টিএসবি ইউনিয়নের খাজাডাঙ্গা গ্রামের বাসিন্দা আবদুল জলিল শেখের ছেলে। তিনি পেশায় ইট-বালুর ব্যবসায়ী ও ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, বাগেরহাটের ফকিরহাটের দিক থেকে মোটরসাইকেলে আসা হেলমেট পরিহিত দুই ব্যক্তি স্থানীয় হীরকের দোকানের সামনে থামেন। এরপর একজন দোকানের ভেতরে ঢুকে জাকির হোসেনের মাথায় গুলি করেন। পরে তারা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যান। গুলিবিদ্ধ জাকিরকে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খুলনার অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র জানিয়েছেন, ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার কারণ উদঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারের জন্য পুলিশের তৎপরতা চলছে। হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে কার্যক্রম চলছে।






















