ইরানে বিদ্যুৎ সংকট চরমে: শুরু হচ্ছে দেশজুড়ে লোডশেডিং
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মাঝে ভয়াবহ বিদ্যুৎ সংকটের মুখে পড়েছে ইরান। দেশটির গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে আগে থেকে বিদ্যমান জ্বালানি সমস্যা আরও প্রকট হয়ে উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কর্তৃপক্ষ রোববার (২২ নভেম্বর) থেকে দেশজুড়ে পর্যায়ক্রমে লোডশেডিং শুরু করার সিদ্ধান্ত নিয়েছে।
ইরানের জাতীয় বিদ্যুৎ কোম্পানির প্রধান মোহাম্মদ আল্লাহদাদ জানিয়েছেন, রোববার থেকে বিদ্যুৎ সরবরাহে নতুন করে বিধিনিষেধ কার্যকর হবে। নতুন পরিকল্পনা অনুযায়ী, এলাকাভেদে গ্রাহকদের প্রতিদিন সর্বোচ্চ দুই ঘণ্টা অথবা প্রতি দুই দিনে একবার প্রায় দুই ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন রাখা হতে পারে।
দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই সংকটের জন্য সরাসরি দায়ী করেছেন যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে। তিনি জানান, ইরানের জ্বালানি অবকাঠামোয় বিদেশি হামলার কারণে শীত মৌসুমের আগেই পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে। বিশেষ করে দেশটির গ্যাস অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় বিদ্যুৎ উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। শীতকালে সাধারণ মানুষের পাশাপাশি শিল্পকারখানা ও ব্যবসাপ্রতিষ্ঠানকেও তীব্র জ্বালানি ও বিদ্যুৎ সংকটের সম্মুখীন হতে হবে বলে তিনি সতর্ক করেছেন।
বিশ্বের অন্যতম বৃহৎ তেল ও প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার থাকা সত্ত্বেও ইরান দীর্ঘদিন ধরে নিজেদের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে লড়াই করছে। এছাড়া দীর্ঘদিনের পশ্চিমা নিষেধাজ্ঞার ফলে বিদ্যুৎ খাতের আধুনিকায়ন ও পর্যাপ্ত বিনিয়োগ বাধাগ্রস্ত হয়েছে। এর ওপর পুরোনো বিদ্যুৎ সরবরাহব্যবস্থা এবং নতুন করে যুদ্ধে অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় পুরো পরিস্থিতি এখন জটিল ও উদ্বেগজনক অবস্থায় পৌঁছেছে।






















